২৩ জুন ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ণ
জাতীয় যুবশক্তির উদ্যোগে ২২শে জুন (রবিবার) সিলেট অনলাইন প্রেসক্লাব মিলনায়তনে সিলেট জেলার জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সিলেট জেলা ও মহানগরের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক শাহরিয়ার ইমন (সানি)। স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংগঠক আলী হোসাইন, আর সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সংগঠক মাহবুবুর রহমান (তাসলিম)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে তরুণদের নেতৃত্বে সমাজ পরিবর্তনের প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সিনিয়র সংগঠক ইয়াসিন আরাফাত, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক এবং কেন্দ্রীয় সংগঠকবৃন্দ শাহরিয়ার ইমন (সানি), মাহবুবুর রহমান (তাসলিম) ও আলী হোসাইন।
বক্তারা বলেন, জাতীয় যুবশক্তি তরুণ সমাজকে সংগঠিত করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে। তারা সিলেট জেলার সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার আহ্বান জানান। এছাড়াও সিলেট জেলা ও মহানগর এনসিপির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সংগঠনের লক্ষ্যের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিভিন্ন সাংগঠনিক প্রস্তাব গৃহীত হয় এবং জেলা ও মহানগরে নতুন নেতৃত্ব গঠন নিয়ে মতবিনিময় করা হয়। বক্তারা রাজনৈতিক সচেতনতা, তরুণদের ক্ষমতায়ন ও ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে যুবশক্তির ভূমিকা নিয়ে আলোচনা করেন।
এর আগে, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম ও সিনিয়র সংগঠক ইয়াসিন আরাফাত সিলেটে পৌঁছান। তাদের আগমনকে ঘিরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি হয়। বিমানবন্দরে তাদের স্বাগত জানান কেন্দ্রীয় সংগঠক শাহরিয়ার ইমন (সানি), মাহবুবুর রহমান (তাসলিম) ও আলী হোসাইন।