বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২২ মে ২০২৫, ১১:১৭ অপরাহ্ণ

জাল টাকাসহ মৌলভীবাজারে আটক এক, উদ্দেশ্য ছিল কোরবানির হাটে ব্যবহার

আপডেট টাইম : মে ২২, ২০২৫ ১১:১৭ অপরাহ্ণ



শেয়ার করুন

এমরান আহমদ, মৌলভীবাজার থেকেঃ মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি বিশেষ অভিযানে প্রায় ৩ লাখ টাকার জাল বাংলাদেশি নোট ও ভারতীয় রুপি উদ্ধার করা হয়েছে। অভিযানে আটক করা হয়েছে যুগেন্দ্র মল্লিক (৪১) নামের এক ব্যক্তিকে।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (২১ মে) সন্ধ্যায় শ্রীমঙ্গল থানার ২ নম্বর ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আটক করা হয় যুগেন্দ্র মল্লিককে, যিনি মৃত দেবেন্দ্র মল্লিকের ছেলে।

জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে, তার গোয়ালঘরের খড়ের নিচ থেকে উদ্ধার করা হয় ২ লাখ ৭৭ হাজার ২০০ টাকার জাল নোট, ৩ হাজার ৯০০ টাকার ভারতীয় জাল রুপি, একটি বাটন মোবাইল ফোন এবং ২২টি খাকি খাম। উদ্ধারকৃত জাল টাকার মধ্যে রয়েছে ১০০০ টাকার ১৫৫টি, ৫০০ টাকার ২০০টি, ২০০ টাকার ১১১টি বাংলাদেশি নোট এবং ৫০০ রুপির ৫টি ও ২০০ রুপির ৭টি ভারতীয় নোট।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুগেন্দ্র মল্লিক স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে জাল টাকার কারবারে জড়িত। দেশের বিভিন্ন উৎস থেকে এসব জাল টাকা সংগ্রহ করে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতেন তিনি। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে পশুর হাটে এই জাল টাকা ছাড়ার উদ্দেশ্যেই তিনি এগুলো সংগ্রহ করেছিলেন।

তিনি আরও জানান, এর আগেও গত বছরের ফেব্রুয়ারি মাসে র‌্যাবের হাতে শ্রীমঙ্গল এলাকা থেকে প্রায় ৭০ লাখ টাকার জাল বাংলাদেশি নোট এবং ১৪ লাখ টাকার ভারতীয় রুপিসহ গ্রেপ্তার হয়েছিলেন ওই ব্যক্তি। সে সময়ও তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল।

অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা বলেন, “আসন্ন কোরবানির ঈদে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে জেলা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।”

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার শাকিল এবং ডিবির অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লা।

শেয়ার করুন