১৪ এপ্রিল ২০২৫, ৮:৩০ অপরাহ্ণ
মাহফুজ কাউসার ছাদি : সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি আনন্দ ও উল্লাসমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করেছে। পহেলা বৈশাখ (১৪ এপ্রিল ২০২৫) সকাল সাড়ে ১১টায় বর্ষবরণ শোভাযাত্রায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী, ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই, উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিনসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
শোভাযাত্রা শেষে লিডিং ইউনিভার্সিটির কালচারাল ক্লাবের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী। তিনি বলেন, “বৈশাখবরণে এবার যোগ হয়েছে আগের সেই আলোর ঝলমলতা। এই আলোয় উজ্জীবিত হয়ে পুরোনো বছরের ভুলভ্রান্তি, না-পাওয়া, স্বপ্নভঙ্গ ও হতাশা থেকে গা ঝাড়া দিয়ে উন্নতির লক্ষ্যে একসাথে কাজ করতে হবে।” তিনি নতুন বছরে সবাইকে একতাবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই বলেন, “নববর্ষ সবার জন্য অনাবিল শান্তি ও সুখ বয়ে আনুক।”
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, “নববর্ষ উদযাপনের মাধ্যমে ঐক্য ও অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সমগ্র বাঙালি জাতি নববর্ষকে নবচেতনা ও নতুন অঙ্গীকারের সঙ্গে গ্রহণ করে আসছে।” তিনি বিগত বছরের দুঃখ-হতাশা দূরে রেখে সম্প্রীতি, বন্ধুত্ব ও ভালোবাসার চেতনায় একত্রিত হওয়ার আহ্বান জানান। এসময় তিনি একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে কাজ করারও ডাক দেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসান।
লিডিং ইউনিভার্সিটির কালচারাল ক্লাবের সদস্যদের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান। দলীয় সঙ্গীত ‘এসো হে বৈশাখ’ এর পর বিভিন্ন গান, কবিতা ও নৃত্য পরিবেশন করেন ক্লাবের সদস্যরা। অতিথি শিল্পী হিসেবে গান পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ কবির আহমেদের কন্যা নাবিলা আহমেদ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কালচারাল ক্লাবের উপদেষ্টা মো. ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ ভূঁইয়া, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, প্রক্টর ও বর্ষবরণ আয়োজক কমিটির আহ্বায়ক মো. মাহবুবুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. কবির আহমেদ, লাইব্রেরিয়ান মো. আব্দুল হাই ছামেনিসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন কালচারাল ক্লাবের সদস্য মিথিলা।