,

6 February 2025, 8:50 PM

আগামীকাল পর্দা উঠছে শাহ আব্দুল করিম ‘লোক উৎসব ২০২৫’

আপডেট টাইম : February 6, 2025 8:50 PM



শেয়ার করুন

দিরাই প্রতিনিধি : আগামীকাল পর্দা উঠছে শাহ্ আব্দুল করিম ‘লোক উৎসব ২০২৫’ এর। প্রতিবছরের মতো এবারও সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামের মাঠে দুই দিনব্যাপী শাহ আব্দুল করিম লোক উৎসব অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ( ৬ ফেব্রুয়ারি ) বাউল সম্রাট শাহ আব্দুল করিমের নাতি বাউলিয়ানা ফয়সল জানান, শাহ আব্দুল করিমের ১০৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি ( শুক্রবার ও শনিবার ) শাহ আব্দুল করিম লোক উৎসব ২০২৫ অনুষ্ঠিত হবে। এসময় তিনি লোক উৎসবে সবাইকে আমন্তণ জানান। লোক উৎসবকে ঘিরে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

২০০৬ সাল থেকে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাংলা লোকগান স্মরণে ‘লোক উৎসব’ আয়োজিত হয়ে আসছে।উৎসবকে ঘিরে সারাদেশে থেকে ভক্ত অনুরাগীরা অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেছেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিল্পীরা দু’দিনব্যাপী এই আয়োজনে গান করবেন।

শাহ্ আব্দুল করিমের ছেলে শাহ নূর জালাল জানান,সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই শেষ। লোক উৎসবে আসা মানুষদের যাতে কোন ধরনের সমস্যা না হয় এজন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। অন্যান্য বছরের মতো এবারও সুন্দর এবং সুশৃঙ্খলভাবে লোক উৎসব সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন করিম পুত্র নূর জালাল।

শেয়ার করুন