16 June 2023, 3:57 PM
নিলয়, স্পোর্টস ডেস্ক :
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে চালকের আসনে বাংলাদেশ। নাজমুল শান্তর জোড়া সেঞ্চুরি পর নিজের ১২ তম শতকের দেখা পেলেন বাংলাদেশের লিটল জিনিয়াস মমিনুল হকও। আর তাতেই ঢাকা টেস্টে আফগানদের সামনে পাহাড়সম রানের টার্গেট দিয়ে যাচ্ছে টাইগার ব্যাটাররা। এখন পর্যন্ত তৃতীয় দিনে শেষ সেশনে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের লিড ৬৬০ রান।
এরইমধ্যে সর্বোচ্চ রানের লিডের রেকর্ড করেছে বাংলাদেশ। এরআগে ২০২১ সালে জিম্বাবুয়ের হারারেতে জিম্বাবুইয়ানদের বিপক্ষেই ৪৭৬ রানের টার্গেট দিয়েছিলো তামিম-সাকিবরা। তবে এবার সাকিব তামিম ছাড়াই নিজেদের সর্বোচ্চ লিডের স্বাদ পেলো বাংলাদেশ।
সাদা পোশাকের প্রায় দেড়শ বছরের ইতিহাসে ৬০০ এর বেশি লক্ষ্য দেওয়ার একুশতম ঘটনা এটি। এ রেকর্ডটির সাথে বেশি নাম জড়িয়ে আছে সবচেয়ে বেশি টেস্ট খেলুড়ে দেশ ইংল্যান্ডের। ২০১৯ সালের ব্রিজটাউন টেস্টে বেন স্টোকসদের ৬২৮ রানের লক্ষ্য দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ টার্গেট দেওয়ার বিশ্বরেকর্ডও ইংলিশদের। ১৯৩০ সালে কিংস্টনে ক্যারিবীয়দের ৮৩৬ রানের লক্ষ্য দিয়েছিল তারা।
আফগানদের বিপক্ষে রেকর্ডময় টেস্টটি জয়ের পথেই আছে বাংলাদেশ। তবে বাংলাদেশের জয়ের পথে একমাত্র বাঁধা হতে পারে বৃষ্টি।