,

4 October 2026, 11:27 AM

বিশ্ব বসতি দিবস উদযাপন উপলক্ষে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের ২ দিন ব্যাপী নানা আয়োজন

আপডেট টাইম : October 4, 2026 11:27 AM



শেয়ার করুন

 

আগামীকাল ৫ অক্টোবর বিশ্ব বসতি দিবস উদযাপন উপলক্ষে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ দুই দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বিশ্ব বসতি দিবসের সার্বিক বিষয়াদি নিয়ে গতকাল শনিবার প্রেস ব্রিফিং করেন,সিউক’র চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী (অতিরিক্ত সচিব পদমর্যাদা)।এসময় সিউকের নির্বাহী পরিচালক সহ অন্যান্য কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নগরীর নাইওরপুলে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর সভাকক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংকালে লিখিত বক্তব্যে সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, আপনারা অবগত আছেন জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী ১৯৮৬ সাল থেকে প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্বব্যাপী “বিশ্ব বসতি দিবস” পালিত হয়ে থাকে। প্রতি বছরের ন্যায় এ বছরও অক্টোবর মাসের প্রথম সোমবার অর্থাৎ ৫ অক্টোবর, ২০২৬ তারিখে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী “বিশ্ব বসতি দিবস” উদযাপিত হবে।

সিলেটে এ বছর প্রথমবারের ন্যায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ এ দিবসটি উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। পূর্বে সিলেট গণপূর্ত বিভাগের উদ্যোগে দিবসটি পালিত হতো। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের সাথে সমন্বয় সাধন করে আগামী ০৫ অক্টোবর ও ০৬ অক্টোবর, ২০২৬ দুই দিনব্যাপী দিবসটি উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

তিনি বলেন, Adequate Housing for all বা ‘সর্বজনীন বাসস্থান টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে সিলেটের রিকাবীবাজারস্থ স্টেডিয়াম সংলগ্ন মোহাম্মদ আলী জিমনেশিয়াম ভেন্যুতে দুই দিনব্যাপী বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ বিভিন্ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বিশ্ব বসতি দিবস-২০২৬: দুই দিনব্যাপী কর্মসূচি

প্রথম দিন: ৫ অক্টোবর ২০২৬, সোমবার

সকাল ১০:৩০ মিনিট: বর্ণাঢ্য র‍্যালি

সকাল ১১:০০ মিনিট : প্রতিপাদ্য বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা সভা।

দুপুর ০১:০০ মিনিট: ECPS (Electronic construction permitting System) এর উদ্বোধন

সকাল ১১:৩০ মিনিট-দিনব্যাপী: শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘আইডিয়া কম্পিটিশন’।

দিনব্যাপী: মডেল প্রদর্শনী, বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল প্রদর্শনী এবং আলোকচিত্র প্রদর্শনী।

 

দ্বিতীয় দিন: ৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার

সকাল ১০:০০ মিনিট: পরিবেশ সুরক্ষায় আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি।

সকাল ১১:০০ মিনিট: টেকসই নগরায়ণ ও আবাসন বিষয়ক বিশেষ সেমিনার।

বেলা ১২:৩০ মিনিট: আইডিয়া ও আলোকচিত্র প্রতিযোগিতার চূড়ান্ত মূল্যায়ন।

বিকেল ০৪:৩০ মিনিট: বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।

বিকেল ০৫:০০ মিনিট: মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দুই দিনব্যাপী আয়োজনের সমাপ্তি।

কয়েস লোদী বলেন,সিলেটকে একটি আধুনিক ও পরিবেশবান্ধব পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার অভিপ্রায় নিয়ে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ তার কার্যক্রম শুরু করেছে। সকলকে সাথে নিয়েই আমাদের এ অগ্রযাত্রা। বিশ্ব বসতি দিবসকে কেন্দ্র করে সিলেটে এই প্রথমবারের মতো আবাসন সংক্রান্ত সকল অংশীজনকে একই প্ল্যাটফর্মের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, বিভিন্ন সরকারি দপ্তরের পাশাপাশি দিবসটি উদযাপনে আমাদের সাথে আছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও লিডিং ইউনিভার্সিটির পুরকৌশল ও স্থাপত্য বিভাগ, ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স (আইইবি), ইন্সটিটিউট অব আর্কিটেক্টস (আইএবি), ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি), সিলেট অ্যাপার্টমেন্ট এন্ড রিয়েল এস্টেট গ্রুপ (সারেগ) ও এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেকচারাল কনসালটেন্সি ফার্ম (এইএসিএফ)। তাছাড়া আবাসন নিয়ে কাজ করে এমন আরো প্রতিষ্ঠান যেমন- বার্জার, বিএসআরএম, খাদিম সিরামিক্স, লাফার্জ ইত্যাদি আমাদের সাথে যুক্ত থাকছে। আমরা ধন্যবাদ জানাই নাস হোল্ডিং ভেঞ্চার লিমিটেড গ্রুপকে যারা এ আয়োজন বর্ণাঢ্য করতে আমাদের পাশে রয়েছে।

তিনি বলেন, তরুণ প্রজন্মকে সুপরিকল্পিত নগরায়ণে উৎসাহিত করতে আমরা এ বছর ব্যতিক্রমী কিছু উদ্যোগ যেমন- শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, তরুণ শিক্ষার্থীদের মধ্যে আবাসন সংক্রান্ত আইডিয়া কম্পিটিশন, আবাসন সংক্রান্ত তরুণ শিক্ষার্থী ও পেশাজীবীদের বিভিন্ন মডেল প্রদর্শনী, ফটোগ্রাফি প্রদর্শনী ইত্যাদি যুক্ত করেছি। ইতোমধ্যে ৩০টিরও অধিক নগরায়ণ সংক্রান্ত আইডিয়া সাবমিট হয়েছে। এ সকল প্রতিযোগিতা হতে বিজয়ীদের পুরস্কৃত করার ব্যবস্থা রাখা হয়েছে। আমরা আশাবাদী সুপরিকল্পিত সিলেট বিনির্মাণে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ এসকল তরুণ পেশাজীবীদের পরিকল্পনাগুলোর মাধ্যমে সমৃদ্ধ হবে।

সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ তাঁর যাত্রাকাল থেকেই নাগরিক বিভিন্ন সেবাপ্রদান কার্যক্রম সহজীকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারই বাস্তব প্রতিফলন ECPS উদ্বোধন। ECPS এর মাধ্যমে একজন সেবাপ্রার্থী ঘরে বসেই তাঁর নাগরিক আবেদন সাবমিট করাসহ ট্র্যাকিং করার সুযোগ পাবেন। তাছাড়া প্রবাসীদের দ্রুততম সেবা নিশ্চিতে প্রবাসী এক্সপ্রেস সার্ভিসও এতে সন্নিহিত থাকবে যাতে ১ মাসের মধ্যে প্রবাসীদের নকশা অনুমোদনসহ অন্যান্য সার্ভিস প্রদান করা যায়।

তিনি আরো বলেন,’সর্বজনীন বাসস্থান টেকসই নগরায়ণ” বিষয়ের উপর অনুষ্ঠিতব্য সেমিনারে বক্তারা একটি আধুনিক ও পর্যটনবান্ধব সিলেট নগরী বিনির্মাণে তাদের পরিকল্পনাসমূহ তুলে ধরবেন। তা ছাড়া আবাসন সংক্রান্ত বিষয়গুলো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপনেরও উদ্যোগ নেওয়া হয়েছে।সিলেটের পরিকল্পিত বিকাশে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ বদ্ধপরিকর। সবাইকে সাথে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। আমাদের এ যাত্রা সফল করতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। আমরা আশা করি, আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বিশ্ব বসতি দিবসের মূল বার্তা সিলেটের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে যাবে। আপনাদের সার্বিক সহযোগিতা ও উপস্থিতি আমাদের এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করবে।

শেয়ার করুন