১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১৮ পূর্বাহ্ণ
পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রত্যাশা ফোরাম জকিগঞ্জ। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি জকিগঞ্জ পৌরসভা এলাকায় প্রায় একশত সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে এক মাসের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রমজানের পুরো মাসজুড়ে যেন নিম্নআয়ের পরিবারগুলো নিত্যপ্রয়োজনীয় খাদ্যের অভাবে কষ্টে না পড়ে, সে লক্ষ্যেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিতরণকৃত ফুড প্যাকে চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় ভোগ্যপণ্য অন্তর্ভুক্ত ছিল, যা একটি পরিবারের সেহরি ও ইফতারের প্রয়োজন মেটাতে সহায়ক হবে।
ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি সালাউদ্দিন মাহমুদ, অর্থ সম্পাদক কাওছার আহমদ, সহ অর্থ সম্পাদক মাহবুবুর রহমান, শ্রমবিষয়ক সম্পাদক মো. আমিনুল ইসলাম রেজা, মিডিয়া সম্পাদক তানিম আহমদ এবং সংগঠক আব্দুল হাফিজ, ইমরান আহমদ ও আবিদ আহমদসহ অন্যান্য সদস্যরা।
সেক্রেটারি সালাউদ্দিন মাহমুদ বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি চাপে থাকেন। রমজান মাসে অন্তত যেন তারা খাবারের চিন্তা ছাড়াই ইবাদতে মনোযোগ দিতে পারেন, সেই উদ্দেশ্য থেকেই প্রতিবছর এই উদ্যোগ নেওয়া হয়। তিনি আরও বলেন, শুধু খাদ্য বিতরণ নয়, সমাজের বিত্তবানদের মানবিক কাজে উদ্বুদ্ধ করাও সংগঠনের অন্যতম লক্ষ্য।
উপস্থিত স্থানীয় ব্যক্তিবর্গ এই উদ্যোগের প্রশংসা করে বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে এমন কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। তারা সামর্থ্যবানদের আরও বেশি করে মানবিক উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান।
রমজানের আগে এমন সহমর্মিতার হাত প্রসারিত হওয়া শুধু খাদ্য সহায়তাই নয়, বরং মানবতার বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। মানুষের পাশে মানুষ দাঁড়ালে সমাজই হয়ে ওঠে সত্যিকারের নিরাপদ আশ্রয়।