৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০২ অপরাহ্ণ
লিডিং ইউনিভার্সিটিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স সিস্টেমে অফিসার ও প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা ও দায়িত্ব বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের গ্যালারী-১ ভেন্যুতে লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সহকারি কর্মকর্তাদের অংশগ্রহণে এ কর্মশালার আয়োজন করে লিডিং ইউনিভার্সিটি কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। রিসোর্স পারসন হিসেবে অংশ নেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. সুলতান মাহমুদ ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, ফলপ্রসূ পাঠদানে সহযোগিতা করতে দক্ষ অফিসার ও প্রশাসনিক ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা আলাদা, যেখানে প্রয়োজনে নিজ দপ্তরের বাইরেও কাজ করতে হয়। লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলীর আকাঙ্ক্ষা হলো কোয়ালিটি বৃদ্ধি করা। তিনি আশা প্রকাশ করেন যে এই কর্মশালার মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে আরো উন্নতি ঘটবে।
ড. সুলতান মাহমুদ ভূঁইয়া কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ইতিবাচক মানসিকতা ও আশাবাদী চিন্তাভাবনা যেকোনো প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। তিনি লিডিং ইউনিভার্সিটিকে স্থায়ী সনদপ্রাপ্ত ২৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্যতম হিসেবে উল্লেখ করেন এবং বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠান থেকে প্রকল্প পাওয়ার তার যোগ্যতা অর্জনকে একটি বড় সাফল্য হিসেবে আখ্যায়িত করেন। গবেষণা, কার্যকর যোগাযোগ, সময় ব্যবস্থাপনা ও বিবেকনির্ভর সিদ্ধান্তকে কার্যকর অফিস ও প্রশাসনিক ব্যবস্থাপনার মূল উপাদান হিসেবে তিনি চিহ্নিত করেন। শেষে তিনি দানবীর ড. সৈয়দ রাগীব আলীর পৃষ্ঠপোষকতায় দক্ষ মানবসম্পদ তৈরির জন্য লিডিং ইউনিভার্সিটির অগ্রগতির প্রশংসা করেন এবং কর্মশালার আয়োজকদের ধন্যবাদ জানান।
কর্মশালায় সভাপতিত্ব করেন লিডিং ইউনিভার্সিটি কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের পরিচালক ও কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিম। বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেন লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম।
লিডিং ইউনিভার্সিটি কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের অতিরিক্ত পরিচালক ও ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লার উপস্থাপনায় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. কবির আহমেদ, লাইব্রেরিয়ান মো. আব্দুল হাই ছামেনীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।