6 August 2026, 9:50 PM
এমরান আহমদ, মৌলভীবাজার (বড়লেখা) প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখার ঐতিহ্যবাহী দক্ষিণভাগ নবীনচন্দ্র মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়-এর উদ্যোগে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উদ্দীপনার মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। বুধবার (০৫ আগস্ট) বিদ্যালয়ের হলরুমে দিনটি উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুক আহমদ-এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক বিলাল আহমদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকমন্ডলী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জুলাই বিপ্লব ও ছাত্র-জনতার অভ্যুত্থানের স্মরণে রচনা লিখন, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা জুলাই বিপ্লবসহ বাংলাদেশের ইতিহাসের পূর্বেকার সকল বিপ্লব, অপশাসন ও নৈরাজ্যের বিরুদ্ধে শিক্ষার্থী সমাজের অকুতোভয় ও অগ্রণী ভূমিকার কথা সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন। বক্তারা শিক্ষার্থীদের মন দিয়ে লেখাপড়া করে প্রকৃত জ্ঞানার্জনের মাধ্যমে আগামী দিনে দেশ ও জনগণের কল্যাণে নিজেদের জীবন উৎসর্গ করার তাগিদ দেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব শুভ্র কান্তি সেন, সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক নিত্যলাল বিশ্বাস, মতিউর রহমান, ফারজানা ফেরদৌস, ফারজানা ইয়াসমিন প্রমুখ।
আয়োজনের সমাপ্তিতে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে তাদের উৎসাহিত করা হয়।