৪ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৪৯ অপরাহ্ণ
ঐক্য, মানবিকতা ও দ্বীনি মূল্যবোধকে হৃদয়ে ধারণ করে আশার আলো প্রবাসী সোসাইটির কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের বহির্বিশ্বে অবস্থানরত প্রবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় পরিচালিত সর্ববৃহৎ অরাজনৈতিক ও সমাজ কল্যাণমূলক সংগঠন। সংগঠনটি ইতোমধ্যে সামাজিক কার্যক্রম চালিয়ে স্থানীয় জনমনে আস্থা ও ভালোবাসার প্রতীক হিসেবে জায়গা করে নিয়েছে এবং নিজ ইউনিয়ন ছাড়াও দেশ-বিদেশে সুনাম কুঁড়িয়েছে। সংগঠনকে আরো গতিশীল করতে আনুষ্ঠানিকভাবে ২০২৬/২৭ এই দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৯ জানুয়ারি শুক্রবার প্রথম দফা এবং ১৫ জানুয়ারি বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ভার্চুয়াল জুম মিটিং অনুষ্ঠিত হলে সকলের মতামতের ভিত্তিতে নবনির্বাচিত এই কমিটিকে অত্যন্ত উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে সবার কাছে উপস্থাপনা করা হয়।
সংগঠনের প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী মাহবুবুর রহমান সেলিমের সভাপতিত্বে ভার্চুয়াল সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম-সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী কারী মোঃ আব্দুল ছালাম। ভার্চুয়াল অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী মোঃ জহিরুল ইসলাম গয়াছ। নবনির্বাচিত এই সাংবিধানিক কমিটিকে উপস্থাপন করেন সিনিয়র উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আব্দুল হাই। নতুন কমিটিকে কেন্দ্র করে ভার্চুয়াল এই অনুষ্ঠানকে সুন্দর ও সফল করতে সার্বিক সহযোগিতা করেন সিনিয়র উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মকদ্দুছ আলী, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব নুরুল হক গনি, যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ হারিছ আলী, যুক্তরাজ্য প্রবাসী কবির উদ্দিন সানি, যুক্তরাজ্য প্রবাসী মতিউর রহমান আবুল, সৌদি প্রবাসী মনসুর আলী, ব্রুনাই প্রবাসী মকবুল আলী সহ উপদেষ্টা পরিষদের সম্মানিত সকল উপদেষ্টাবৃন্দ।
২০২৬/২৭ সনের নতুন কমিটিতে বাহরাইন প্রবাসী মোঃ ইশ্রাব আলী সোহাগকে পুনরায় সভাপতি, ওমান প্রবাসী হাফিজ ক্বারী মোঃ আব্দুস শহীদকে সাধারণ সম্পাদক, ওমান প্রবাসী মোঃ সমুজ মিয়া কে সাংগঠনিক সম্পাদক, দুবাই প্রবাসী মোঃ আরব আলী আরজু কে কোষাধক্ষ এবং সৌদি প্রবাসী মোঃ আফরোজ আলী কে প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত করে কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও প্রবাসী মানবিক এই সংগঠনটি পরিচালনায় কার্যকরী কমিটির অন্যান্য পদে যাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত করা হয়েছে তারা হলেন সহ সভাপতি নেছার আলী (সৌদি আরব), আবুল কালাম আজাদ (ইতালি), রইস উদ্দিন (সৌদি আরব), ইব্রাহিম আলী (দুবাই), তেরাব আলী (ওমান) ও রুহুল আমিন (সৌদি আরব), সহ সাধারণ সম্পাদক কমর উদ্দিন (সৌদি আরব), আইনুল হক (সৌদি আরব), তাজ উদ্দিন (যুক্তরাজ্য), ইমরান আহমদ (মালয়েশিয়া), অলিউর রহমান (ওমান) ও আব্দুল আলী (ওমান), সহ-সাংগঠনিক সম্পাদক আনা মিয়া (ইতালি), হাফিজ আলিম উদ্দিন (ওমান), ফিরোজ আলী (ওমান), আফজাল হোসেন (পোল্যান্ড), আরব আলী (সৌদি আরব) ও দেলোয়ার হোসেন (সৌদি আরব), সহ কোষাধ্যক্ষ সেলিম আহমেদ (দুবাই) এবং সহ প্রচার সম্পাদক জমির আলী (দুবাই) সহ সংগঠনের আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ পদে সম্মানিত সদস্যবৃন্দকে সংযুক্ত করে পূর্ণাঙ্গ এই কমিটি ঘোষণা করা হয়। এছাড়া ২৩ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ এবং ৪৮ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়।
সংগঠনের সভাপতি ইশ্রাব আলী সোহাগ জানান, গেল দুই বছরে নরসিংপুর ইউনিয়নের প্রায় দুই শতাধিক পরিবারকে বিভিন্ন ধাপে প্রায় দশ লক্ষ টাকা সমপরিমাণ আর্থিক সহায়তা প্রদান করেছে প্রবাসীদের ঐক্যে গঠিত “আশার আলো প্রবাসী সোসাইটি” মানবিক এই সংগঠনটি।