4 July 2026, 7:26 PM
আজ শনিবার(৪জুলাই) সকালে সিলেট সদর উপজেলাধীন সোনাতলায় সিরাজুল ইসলাম আলীম মাদ্রাসা মাঠে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং উপজেলা প্রশাসন, সিলেট সদর, সিলেটের যৌথ আয়োজনে জিআর খাদ্যশস্য (চাল) ও নগদ অর্থ বিতরণ এবং রাজারগাঁও জামিউল উলুম মাদ্রাসা বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল ও নগদ অর্থ বিতরণ এবং বন্যা আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।এতে সভাপতিত্ব করেন সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ।অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন সিলেট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল কাইয়ুম চৌধুরী, প্রশাসক, সিলেট সিটি কর্পোরেশন, রেজাউল হাসান কয়েস লোদী, চেয়ারম্যান, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ; মোঃ আবুল কাহের চৌধুরী শামিম, প্রশাসক, সিলেট জেলা পরিষদ; এমদাদ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক, সিলেট মহানগর বিএনপি; মো. শওকত জামিল, উপজেলা কৃষি অফিসার, সিলেট সদর; আবুল কাশেম, সভাপতি, সিলেট সদর উপজেলা বিএনপি; আজিজুর রহমান, সাধারণ সম্পাদক, সিলেট সদর উপজেলা বিএনপি; সিলেট সদর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং গণমাধ্যমকর্মীগণ।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক পরিচালিত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সিলেট সদর উপজেলাধীন ৭টি ইউনিয়নের দুঃস্থ ও অসহায় ২,০০০ পরিবারের মধ্যে জনপ্রতি ৩০ কেজি হারে মোট ৬০(ষাট) মেট্রিক টন চাল এবং ৭০০ পরিবারের মধ্যে জনপ্রতি ১,০০০ টাকা হারে মোট ৭ (সাত) লক্ষ টাকা বিতরণ করা হয়। একই কর্মসূচির আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সাম্প্রতিক প্রবল বর্ষণে সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত ১৫০ জন কৃষকের মধ্যে মে ও জুন দুই মাসের সহায়তা হিসেবে জনপ্রতি ৩০ কেজি হারে মোট ৪.৫ (চার দশমিক পাঁচ) মেট্রিক টন চাল এবং জনপ্রতি ৬,০০০ টাকা হারে মোট ৯ (নয়) লক্ষ টাকা বিতরণ করা হয়।
একই অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক পরিচালিত “বন্যা প্রবণ ও নদী ভাঙন এলাকায় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ” প্রকল্পের আওতায় সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নে অবস্থিত রাজারগাঁও জামিউল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে ৪,৩০,৯৪,১০৩/- (চার কোটি ত্রিশ লক্ষ চুরানব্বই হাজার একশত তিন টাকা মাত্র) ব্যয়ে নির্মিতব্য বন্যা আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দুর্যোগ কবলিত ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অগ্রাধিকর। এছাড়াও বর্তমান সরকার দুর্যোগ প্রতিরোধ ও প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বন্যাপ্রবণ ও নদীভাঙন এলাকায় টেকসই আশ্রয়কেন্দ্র নির্মাণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি সংশ্লিষ্ট সকলকে প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যে গুণগতমান বজায় রেখে বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করেন এবং ত্রাণ সামগ্রী যথাযথভাবে প্রকৃত সুবিধাভোগীদের মাঝে পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করেন। বক্তব্যের শেষে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং উপজেলা প্রশাসন, সিলেট সদর, সিলেটের নিরলস কার্যক্রমের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করন।