3 July 2026, 12:32 AM
স্টাফ রিপোর্টার : আসন্ন ডেঙ্গু মৌসুমকে সামনে রেখে সিলেট সিভিল সার্জন কার্যালয়ে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। প্রতি মাসের প্রথম কর্মদিবসে এই অভিযান চললেও আজ বিশেষ গুরুত্ব দিয়ে কার্যালয়ের আঙিনা, ড্রেন, ছাদ ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ করা হয় এবং ফুলের টব, পরিত্যক্ত টায়ার, বোতল, ডাবের খোসা, খোলা ড্রাম ও নির্মাণাধীন ভবনের ছাদে মশার প্রজননস্থল ধ্বংস করা হয়।
সিলেট জেলার সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিনের নেতৃত্বে এই অভিযানে অংশ নেন ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, কার্যালয়ের মেডিকেল অফিসার, কর্মকর্তা ও কর্মচারীরা। অভিযান তদারকি করেন জেলা স্যানিটারি শেখর কান্তি পাল এবং কীটতত্ত্ববিদ নজরুল ইসলাম।
ডেঙ্গু একটি মশাবাহিত ভাইরাসজনিত রোগ যা এডিস মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। বর্ষাকাল ও বর্ষা-পরবর্তী সময়ে এর প্রকোপ বাড়ে। হঠাৎ উচ্চমাত্রার জ্বর, তীব্র মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, পেশি ও অস্থিসন্ধিতে ব্যথা, ত্বকে লালচে ফুসকুড়ি এবং অতিরিক্ত দুর্বলতা এর প্রধান লক্ষণ। সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু নিজের নয়, পরিবার, প্রতিবেশী ও সমাজের সম্মিলিত উদ্যোগ সবচেয়ে কার্যকর। তিনি মশার প্রকোপ না কমা পর্যন্ত স্বেচ্ছাশ্রমে নিজ নিজ কর্মক্ষেত্র ও বাসস্থান পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানিয়েছেন। অভিযান শেষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ধারাবাহিক কার্যক্রম চালানোর অঙ্গীকার ব্যক্ত করা হয়।