১২ জুন ২০২৬, ৪:৩১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
“হযরত শাহজালাল (রহ:) এর মাজার শুধু সিলেট অঞ্চলের নয়,সারা বাংলাদেশের একটি নেয়ামত ও গর্ব এটি।এখানে তিনটি প্রতিষ্ঠান আছে:মাজার,মসজিদ ও মাদরাসা।তিনটির সমন্বয়ে ইসলামী কমপ্লেক্স হোক।মাদ্রাসাটি হোক ভাল মানের মাদ্রাসা,দ্বিতীয় দেওবন্দের মতো হোক।মসজিদ হোক স্থাপত্যকীর্তি ও নান্দনিক।আগন্তুকরা যেন এসে ভালভাবে নামাজ পড়তে পারে।মাদ্রাসার শিক্ষার্থীরা হবে আমল ও এলেমে জগত ইশারা।”
শুক্রবার(১২ জুন) সকালে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সারওয়ার আলম হযরত শাহজালাল (রঃ)-এর দরগা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরো বলেন,মাজারটি হোক অত্যাধুনিক,নান্দনিক। ভক্তরা যেন এসে পায় পরিষ্কার-পরিচ্ছন্ন।তিনি বলেন,প্রকৃত অর্থে এটি এমন হোক যে কারণে হযরত শাহজালাল এখানে এসেছিলেন, ইসলামের আলো প্রচার ও প্রসারের জন্য সেটি তেমনই হোক।
জেলা প্রশাসক জানান,সরকার ৩০কোটি টাকা ব্যয়ে শাহজালাল মাজারে একটি বহুতল ভবন নির্মাণ করতে যাচ্ছে। মাজারের আধুনিকায়নে সরকার কাজ শুরু করেছে।
পরিদর্শনকালে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা,জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।