শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ মার্চ ২০২৫, ৫:২০ অপরাহ্ণ

যথাযোগ্য মর্যাদায় সিকৃবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

আপডেট টাইম : মার্চ ২৬, ২০২৫ ৫:২০ অপরাহ্ণ



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা নানা কর্মসূচির মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন।

সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসন ভবন, সকল একাডেমিক ভবন, অফিস ও আবাসিক হলে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান শুরু হয় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। এরপর প্রশাসন ভবনের সামনে থেকে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলামের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এটিএম মাহবুব-ই-ইলাহী, ডিন কাউন্সিলের আহ্বায়ক, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা), প্রক্টর, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক, অনুষদীয় ডিনবৃন্দ, প্রভোস্ট, দপ্তর প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পরে শহীদ মিনারে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. এটিএম মাহবুব-ই-ইলাহী। জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার সমাপনী বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, জাতীয় দিবস উদযাপন কমিটি, ডিন কাউন্সিল, প্রভোস্ট কাউন্সিল, প্রক্টর কার্যালয়, বিভিন্ন আবাসিক হল, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন আঞ্চলিক সমিতি ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

আলোকিত সিলেট / এস এস

শেয়ার করুন