১৮ মার্চ ২০২৬, ২:৩১ অপরাহ্ণ
সিলেট প্রতিনিধি:-
সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছে বিএনপি নেতা এম আসকির আলীর নাম, যা নিয়ে নগরজুড়ে চলছে নানা জল্পনা।
মঙ্গলবার ১৭ মার্চ স্থানীয় রাজনৈতিক মহলে এ নিয়ে ব্যাপক আলোচনা লক্ষ্য করা গেছে।
নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ছোট ভাই এবং সিলেট জেলা বিএনপির সহসভাপতি আসকির আলীর সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা বাড়ায় তাকে নিয়ে সমর্থকদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। দলীয় কর্মসূচি ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তার সক্রিয় উপস্থিতি এ আলোচনাকে আরও জোরদার করেছে।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নগর উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং আধুনিক ব্যবস্থাপনায় নেতৃত্ব দেওয়ার সক্ষমতা থাকায় তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করছেন অনেকেই। তার অনুসারীরাও চান, তিনি মেয়র পদে নির্বাচন করে নেতৃত্বে আসুন।
তবে আসকির আলী নিজে এখনো নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। দলীয় সিদ্ধান্ত ও সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির ওপর বিষয়টি নির্ভর করছে বলে জানা গেছে।
নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নগরবাসীর আগ্রহও বাড়ছে। এখন সবার দৃষ্টি আসকির আলীর পরবর্তী পদক্ষেপের দিকে।