9 March 2026, 11:08 PM
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের বড়লেখায় ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধে দুবাইয়ে নিহত প্রবাসী আহম্মদ আলীর জানাজার পূর্বে উপস্থিত হয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে মধ্যপ্রাচ্যে অবস্থিত প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতায় কাজ করছে সরকার। সোমবার বিকেলে এ সময় তিনি এসব কথা বলেন।
যুদ্ধ শুরু হওয়ার পরপরই তিন মন্ত্রণালয়ের সমন্বয়ে মনিটরিং টিম গঠন করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এই টিমের মাধ্যমে প্রধানমন্ত্রী প্রবাসীদের নিয়মিত খোঁজখবর রাখছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিশন প্রবাসীদের সুরক্ষায় একযোগে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।
মন্ত্রী আরও জানান, যুদ্ধে বাংলাদেশি চারজন প্রবাসী নিহত হলেও এখন পর্যন্ত একজনের লাশ দেশে এসেছে। বাকি তিনজনের লাশ সেদেশের আনুষ্ঠানিকতা শেষ হলে সরকারি খরচে দেশে আনা হবে। নিহতদের প্রত্যেকের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছে সরকার এবং নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে।
যুদ্ধে আহত প্রবাসীদের দূতাবাসের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। যুদ্ধের কারণে কর্মহীন ও গৃহবন্দী হয়ে পড়া প্রবাসীদেরও খুঁজে বের করে তাদের খাবার ও অন্যান্য সহযোগিতা দেওয়া হচ্ছে দূতাবাসের মাধ্যমে। নিহত আহম্মদ আলীর পরিবারকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে মন্ত্রী জানান।
এর আগে মন্ত্রী আহম্মদ আলীর লাশ নিয়ে বড়লেখায় পৌঁছালে নিহতের বাড়িতে আবেগঘন পরিবেশ তৈরি হয়। এ সময় তিনি শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ধৈর্য ধারণ করার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্ল্যা ভূঁইয়া, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া, মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ও পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।