5 March 2026, 9:25 PM
নিজস্ব প্রতিবেদক:-
সিলেট ২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদির লুনা বলেছেন, জনগণের বিপুল সমর্থনে নির্বাচিত হওয়ার মাধ্যমে যে দায়িত্ব ও প্রত্যাশা তার ওপর অর্পিত হয়েছে, তা পূরণে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা নিয়ে কাজ করবেন।
বৃহস্পতিবার ৫ মার্চ বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ যে আস্থা ও ভালোবাসা দেখিয়েছেন, তা তার জন্য এক বড় দায়িত্ব। সেই দায়িত্ব পালনে সবার সহযোগিতা প্রয়োজন। জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করাই তার অঙ্গীকার।
সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে এমপি লুনা বলেন, জনগণের জীবনমান উন্নয়নে সরকার ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। এর অংশ হিসেবে অদূর ভবিষ্যতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং হেলথ কার্ড সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গে তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য আইন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ধরনের অনিয়ম, দখলদারিত্ব কিংবা চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। পাশাপাশি সমাজকে মাদকমুক্ত রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
বক্তব্যের একপর্যায়ে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর কথা স্মরণ করে তিনি বলেন, সিলেট ২ আসনের মানুষের ভালোবাসা ও বিশ্বাসকে সম্মান জানিয়ে এবং ইলিয়াস আলীর শুরু করা উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি সততা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালন করে যাবেন।
বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিলু মিয়া ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি এম আছকির আলী এবং সদস্য ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব। এছাড়া বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা ওলামা দলের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন এবং শেষে দোয়া পরিচালনা করেন সমন্বয়ক মাওলানা মাহমুদ হোসেন।
ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন রাজনৈতিক নেতা, কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকদের মতে, এমন আয়োজন রাজনৈতিক সম্প্রীতি ও জনসম্পৃক্ততা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং মানুষের কল্যাণে একসঙ্গে কাজ করার বার্তা পৌঁছে দেয়।