,

4 March 2026, 11:39 PM

জকিগঞ্জে রাতের আঁধারে সরকারি রাস্তার ইট উধাও, প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন এলাকাবাসী

আপডেট টাইম : March 4, 2026 11:39 PM



শেয়ার করুন

সিলেটের জকিগঞ্জ উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের রাস্তার ইট রাতের আঁধারে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা গেছে, উপজেলার ৮ নম্বর কসকনকপুর ইউনিয়নের মুনশীবাজার মাদরাসা থেকে উত্তর আইয়র বিজিবি ক্যাম্প পর্যন্ত সড়কটি হেরিং বন্ড পদ্ধতিতে মেরামত করা হয়েছিল। সম্প্রতি ওই সড়কে সরকারি উদ্যোগে মাটি কাটার খবর ছড়িয়ে পড়ার পর অজ্ঞাত ব্যক্তিরা রাস্তার ইট খুলে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ৬ নম্বর ওয়ার্ডের সংযোগ সড়কে সরকারি বরাদ্দে ইট সলিংয়ের কাজ চলমান রয়েছে। এ সুযোগে পরিকল্পিতভাবে হেরিং বন্ড করা সড়ক থেকে প্রায় ১৫ লাখ ইট রাতের বেলায় সরিয়ে নেওয়া হচ্ছে বলে দাবি করা হয়েছে। এতে সরকারি সম্পদের অপচয় ও উন্নয়ন প্রকল্পের ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এলাকাবাসীর পক্ষে আবু ইউসুফ মোহাম্মদ তাজুল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দাখিল করেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, সরকারি অর্থে ক্রয় করা নির্মাণসামগ্রী যদি এভাবে লোপাট হয় তবে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হবে। তাই বিষয়টি দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

স্থানীয়দের ভাষ্য, দিনের বেলায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও রাতের অন্ধকারে রাস্তার ইট সরিয়ে নেওয়া হচ্ছে। এতে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে পুরো সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও তারা জানান।

অভিযোগের অনুলিপি সিলেট ৫ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি উন্নয়ন প্রকল্পের সুরক্ষা ও স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিত তদারকি এবং কঠোর নজরদারি অপরিহার্য। এতে সরকারি সম্পদ রক্ষা পাবে এবং উন্নয়ন কার্যক্রমও সঠিকভাবে বাস্তবায়িত হবে।

শেয়ার করুন