২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ
জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ এ কৃতিত্বের স্বাক্ষর রেখে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে সুনামগঞ্জের দিরাই উপজেলার শিক্ষার্থী শাওন দাস নীলা। অষ্টম শ্রেণি থেকে অংশ নিয়ে সে এ সাফল্য অর্জন করে।
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নীলা নিয়মিত অধ্যবসায় ও মনোযোগী প্রস্তুতির মাধ্যমে এই ফল অর্জন করেছে বলে বিদ্যালয় সূত্রে জানা গেছে। তার সাফল্যে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে।
শাওন দাস নীলা জগদল আল ফারুক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রঞ্জন কান্তি দাস এবং উত্তর চান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুগন্ধা তালুকদারের কন্যা। শিক্ষানুরাগী পরিবারে বেড়ে ওঠায় ছোটবেলা থেকেই পড়াশোনায় আগ্রহ ও নিয়মিত অনুশীলনের অভ্যাস গড়ে ওঠে তার।
নিজের প্রতিক্রিয়ায় নীলা জানায়, তার এই অর্জনের পেছনে পরিবার বিশেষ করে মায়ের অনুপ্রেরণা এবং বিদ্যালয়ের শিক্ষকদের দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নিয়মিত পড়াশোনা ও শিক্ষকদের পরামর্শ তাকে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে বলেও সে উল্লেখ করে।
এ সাফল্যে স্থানীয় শিক্ষাঙ্গনেও ইতিবাচক সাড়া পড়েছে। শিক্ষক ও শুভানুধ্যায়ীরা তার ধারাবাহিক সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
একটি ছোট অর্জন কখনও কখনও বড় স্বপ্নের দরজা খুলে দেয়। অধ্যবসায় আর সঠিক দিকনির্দেশনা থাকলে গ্রামের মাটিতেও জন্ম নেয় সম্ভাবনার দীপ্ত নক্ষত্র।