২৫ ফেব্রুয়ারি ২০২৬, ৪:১০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
সিলেট-২ আসনের বিশ্বনাথ উপজেলায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার দশঘর ইউনিয়নের রাজার খাল খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী লুনা বলেন, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষি উৎপাদন বাড়ানোর কোনও বিকল্প নেই। সেই লক্ষ্যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। কিন্তু ক্ষমতার পালাবদলে সেই উদ্যোগ থেমে যায়। খাল-নদী ভরাট ও দখলের কারণে পানির প্রবাহ বন্ধ হয়েছে। ফলে কৃষি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। খাল খনন করা হলে সারা বছর পানি সংরক্ষণ সম্ভব হবে এবং অনাবাদি জমি চাষের আওতায় আসবে।
ধানের শীষ প্রতীকে নির্বাচিত লুনা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনি ইশতেহারে খাল খননকে অগ্রাধিকার দিয়েছেন। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি গ্রামীণ অর্থনীতিকে পুনর্জাগরণের উদ্যোগ। খাল বাঁচলে কৃষি বাঁচবে, কৃষি বাঁচলে দেশ এগিয়ে যাবে।
জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, প্রত্যেকটি উন্নয়ন জনগণের। তাই উন্নয়নের কাজকে নিজেদের কাজ মনে করে এগিয়ে আসতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সহযোগিতাই একটি অঞ্চলকে বদলে দিতে পারে।
স্বামীর কর্মজীবনের কথা স্মরণ করে লুনা বলেন, ইলিয়াস আলীকে ভোট দিয়ে মানুষ উন্নয়নের সুফল পেয়েছিল। ইনশাআল্লাহ এবারও উন্নয়নের মাধ্যমে বিশ্বনাথ ও ওসমানীনগরকে আধুনিক, সমৃদ্ধ ও শান্তির জনপদে রূপান্তর করা হবে।
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন বিএডিসি সেচ বিভাগ আয়োজিত অনুষ্ঠানে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবীর সভাপতিত্বে বক্তব্য দেন বিএডিসি সেচ বিভাগের প্রকল্প পরিচালক প্রনজিত কুমার দেব, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া এবং দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান।