15 February 2026, 12:01 AM
সিলেটের জকিগঞ্জ উপজেলায় মোটরসাইকেল, ট্রাক ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মারওয়ান আহমদ নামের ১০ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার ১৪ ফেব্রুয়ারি বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলা ইউনিয়ন অফিস বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের পর মারাত্মক আহত অবস্থায় শিশুটিকে দ্রুত উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মারওয়ান আহমদ উপজেলার কসকনকপুর ইউনিয়নের পূর্ব ইনামতি গ্রামের খছরুজ্জামানের দ্বিতীয় ছেলে। সে ইনামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
হঠাৎ এই দুর্ঘটনায় শিশুটির পরিবারে নেমে এসেছে গভীর শোক। এলাকার মানুষও এমন অকাল মৃত্যুর ঘটনায় শোকাহত। একটি নির্মল শৈশবের স্বপ্ন এভাবে থেমে যাওয়ায় জনমনে বেদনার ছাপ রেখে গেছে।