২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৪৬ পূর্বাহ্ণ
জকিগঞ্জ উপজেলার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবায় সহায়তা দিতে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে মাসুম আহমেদ কল্যাণ ট্রাস্ট। ২১ ফেব্রুয়ারি শুক্রবার ট্রাস্টের উদ্যোগে আলোকিত অ্যাম্বুলেন্স ফ্রি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
নতুন এ সেবার আওতায় উপজেলার যে কোনো প্রান্ত থেকে জরুরি অবস্থায় রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া যাবে। অ্যাম্বুলেন্স ব্যবহারের জন্য কোনো ভাড়া নির্ধারণ করা হয়নি। সেবাগ্রহীতাদের কেবল জ্বালানি খরচ বহন করতে হবে বলে জানিয়েছে ট্রাস্ট কর্তৃপক্ষ।
ট্রাস্টের চেয়ারম্যান মাসুম আহমেদ বলেন, জন্মভূমির মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, অর্থাভাবে বা যানবাহনের অভাবে যেন কেউ সময়মতো হাসপাতালে পৌঁছাতে ব্যর্থ না হন, সেই লক্ষ্যেই আলোকিত অ্যাম্বুলেন্স ফ্রি সার্ভিস চালু করা হয়েছে। মানবসেবাকে ট্রাস্টের প্রধান অঙ্গীকার হিসেবে উল্লেখ করেন তিনি।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন। তাদের মতে, দুর্গম ও গ্রামীণ এলাকায় জরুরি চিকিৎসাসেবায় পৌঁছাতে অ্যাম্বুলেন্সের অভাব দীর্ঘদিনের সমস্যা ছিল। নতুন এ সেবা দরিদ্র মানুষের জন্য বড় সহায়তা হয়ে উঠবে।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই মাসুম আহমেদ কল্যাণ ট্রাস্ট এলাকায় চিকিৎসা সহায়তা প্রদান, অসচ্ছল পরিবারকে স্বাবলম্বী করার উদ্যোগ এবং মসজিদ উন্নয়নসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে। ট্রাস্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও মানবিক ও জনকল্যাণমূলক কর্মসূচি সম্প্রসারণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন অব্যাহত থাকবে।
মানবিক সহায়তার এমন উদ্যোগ স্থানীয় পর্যায়ে সামাজিক সংহতি জোরদার করবে এবং সংকটমুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সচেতন মহল।