২০ জানুয়ারি ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটে ‘ভোটের রিকশা’ প্রচার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সিলেট সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল এই কার্যক্রমের শুভসূচনা করেন। সিলেট জেলা তথ্য অফিসের আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী পরিচালক রকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ।
মহাপরিচালক আবদুল জলিল তার বক্তব্যে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোটে জনগণকে সচেতন করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ভোটের রিকশা’ কার্যক্রম চালু করা হয়েছে। আজ থেকে এটি দেশের সব বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়নে ছড়িয়ে দেওয়া হবে। তিনি জানান, ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের মাধ্যমে জনগণ কী সুবিধা পাবেন বা কী থেকে বঞ্চিত হবেন, সেই তথ্য সহ নির্বাচনী আচরণবিধি ও ভোটারদের করণীয় বিষয়গুলো এই রিকশার মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ তার বক্তব্যে বলেন, এবারের দুটি ভোটে জনগণকে সচেতন করাই এই প্রচারণার লক্ষ্য। গণভোটের উদ্দেশ্য হলো জুলাই সনদ বাস্তবায়নে জনমত নেওয়া। এখানে কোনো প্রার্থী নেই, কেবল ‘হ্যাঁ’ ও ‘না’ প্রতীকের মাধ্যমে জনগণ মতামত দেবেন। তাই নাগরিকদের অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করে গণভোটে অংশ নিতে হবে।
জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসান জানান, আসন্ন ভোটের বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা তথ্য অফিস কাজ করছে। সিলেটের ১৩ উপজেলার ১০৬ ইউনিয়নে এই ভোটের রিকশা প্রচার কার্যক্রম আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিয়মিত চলবে। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।