,

20 January 2026, 11:00 PM

দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে ষষ্ঠ ও কারিগরি নবম শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ

আপডেট টাইম : January 20, 2026 11:00 PM



শেয়ার করুন

ঐতিহ্যবাহী দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে ষষ্ঠ শ্রেণি ও কারিগরি নবম শ্রেণির নবাগত শিক্ষার্থীদের বরণ করতে এই আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবালের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক গোলাম মোস্তফা সরদার রুমির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীব সরকার।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার নবাগত শিক্ষার্থীদের দায়িত্ববোধ, শৃঙ্খলা এবং লক্ষ্য নির্ধারণের মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠদান নয়, ব্যক্তিত্বের বিকাশ, নৈতিকতা এবং ভবিষ্যতের প্রস্তুতির ক্ষেত্রও। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, সময়ানুবর্তিতা এবং প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে সচেষ্ট থাকার কথা বলেন। পাশাপাশি শিক্ষকদের পরামর্শ অনুসরণ করে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি শিক্ষক ও শিক্ষার্থীর পারস্পরিক দায়বদ্ধতার বিষয়টি উল্লেখ করে বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষকদের আরও মনোযোগী হতে হবে। একই সঙ্গে শিক্ষকদের নিয়মিত এবং সময়মতো বিদ্যালয়ে উপস্থিত থাকার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিনিয়র শিক্ষক জিতু মিয়া, নুরুল ইসলাম এবং আব্দুল কাদির। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে নোহা সরদার, অনন্যা মরিয়ম, অর্চি দাস, উর্মি আক্তার, তাওহীদা আক্তার এবং তানিসা চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক লাল বাঁশী দাস।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন প্রধান অতিথিসহ শিক্ষকরা। পরে নবাগত শিক্ষার্থীদের ডায়রি, কলম এবং বিদ্যালয়ের বার্ষিক পরিকল্পনা ও সিলেবাস উপহার দেওয়া হয়। অনুষ্ঠানকে ঘিরে শিক্ষার্থীদের উপস্থিতি ও উচ্ছ্বাসে বিদ্যালয় প্রাঙ্গণ ছিল উৎসবমুখর।

শেয়ার করুন