২৪ ডিসেম্বর ২০২৫, ৯:৩০ পূর্বাহ্ণ
সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারওয়ার আলম সোমবার (২২ ডিসেম্বর) সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলায় এক ব্যস্ততম দিন অতিবাহিত করেছেন। দিনব্যাপী এই সফরে তিনি প্রশাসনিক কার্যক্রম তদারকির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে নিবিড় মতবিনিময়ে অংশ নেন। জেলা প্রশাসকের এই ঝটিকা সফর ও ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
সকাল ১০টায় জেলা প্রশাসক জকিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে পৌঁছালে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাসসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সফরের শুরুতেই তিনি উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি ইউএনও কার্যালয়ে একটি আধুনিক ‘ছাদ বাগান’ উদ্বোধন করেন।
পরবর্তীতে জেলা প্রশাসক জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জকিগঞ্জ থানা, ভূমি অফিস, পৌরসভা কার্যালয়, ডিজিটাল সেন্টার, কাস্টমস ঘাট, নদীভাঙন কবলিত এলাকা এবং বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক বিভিন্ন সরকারি দপ্তরে আসা সাধারণ সেবাগ্রহীতাদের সঙ্গে সরাসরি কথা বলেন। তাদের অভিযোগ ও সমস্যার কথা শুনে তিনি তাৎক্ষণিক সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
জকিগঞ্জ থানা পরিদর্শনে গিয়ে তিনি থানার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) মুফিজুর রহমান ও থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি বেসরকারি এনজিও ‘প্রজন্ম’-এর টিকাদান কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন এবং জকিগঞ্জ উপজেলায় ভ্যাকসিন ট্রায়ালে অংশগ্রহণকারী ৬১১ জনের তালিকা দ্রুত প্রেরণের নির্দেশ দেন। পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের জনবল সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
জেলা প্রশাসক জকিগঞ্জ বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটের বিষয়টি অবগত হলে শিক্ষার মান বজায় রাখতে দ্রুততম সময়ে এই সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি জুলাই আন্দোলনের গ্রাফিতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ‘সুবর্ণ নাগরিক কার্ড’ প্রদান করেন এবং ক্ষুদ্র ঋণের চেক হস্তান্তর করেন। এছাড়াও একটি নবনির্মিত পৌর সড়ক উদ্বোধনের পাশাপাশি কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।
বিকালে আলেম ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম বলেন, “ইমামরা সমাজের মর্যাদাসম্পন্ন ব্যক্তি ও সত্যের পথপ্রদর্শক। ন্যায়ের পক্ষে অবস্থান নিতে গিয়ে যদি চাকরি চলে যায়, তবুও ভয় পাবেন না।”তার এই বক্তব্য আলেম সমাজের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এসব সভায় আরও উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) মুফিজুর রহমান, জকিগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ইছামতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ জালাল আহমদ, শাহবাগ মাদ্রাসার মুহতামীম ক্বারী আব্দুল হাফিজ, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি আবুল হাসান সহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে জেলা প্রশাসকের এই সফরকে জকিগঞ্জবাসী অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ হিসেবে দেখছেন।