৭ সেপ্টেম্বর ২০২৫, ৬:৫৪ অপরাহ্ণ
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, সরকারের বিভিন্ন নীতি প্রণয়নে উদ্ভাবনী দক্ষতা ও সৃজনশীলতা দিয়ে তরুণরা পথ দেখাবে। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত চতুর্থ ‘শিল্পবিপ্লব: বাংলাদেশের উদ্ভাবনী সম্ভাবনা ও প্রয়োগ ক্ষেত্র’ শীর্ষক জাতীয় নীতি প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ফয়েজ আহমদ তৈয়্যব পলিসি সম্পর্কিত প্রতিযোগিতার গুরুত্ব উল্লেখ করে বলেন, এ ধরনের প্রতিযোগিতা দেশের জন্য আশাজাগানিয়া। তিনি বলেন, পলিসি প্রণয়নে তরুণদের অধিক সম্পৃক্ত করা উচিত, কারণ তরুণরা তথ্য-প্রযুক্তির গতিশীল রূপান্তরের সঙ্গে সহজে খাপ খাওয়াতে পারে। এই রূপান্তরকে পলিসি মেকিংয়ের সঙ্গে সংযোগ ঘটানো প্রয়োজন।
তিনি তরুণদের দেশের পাইপলাইন হিসেবে উল্লেখ করে বলেন, এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ প্রতিযোগিদের বিজয় প্রমাণ করে দেশের ভবিষ্যত নেতৃত্ব যোগ্যদের হাতেই যাচ্ছে। তিনি স্টার্টআপ নিয়ে আগ্রহীদের জন্য একাডেমিক ক্রেডিট অন্তর্ভুক্তি, কানেক্টিভিটির সুবিধা বৃদ্ধিসহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের উপর জোর দেন।
পলিসি বাস্তবায়নে চ্যালেঞ্জ সম্পর্কে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, দেশের লিগাল গাইডলাইনের ভিতরে থেকে পলিসি বাস্তবায়ন করা একটি বড় চ্যালেঞ্জ। তিনি তরুণদের উপস্থাপিত পলিসি সংক্রান্ত প্রস্তাবসমূহ নাগরিক পর্যায়ে কোয়ালিটিটিভ ও কোয়ান্টিটিভ সার্ভের মাধ্যমে নিরীক্ষা করে পলিসিগুলোর কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দেন।
শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির উপউপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসাইন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম এবং স্টার্টআপ বাংলাদেশের স্বতন্ত্র পরিচালক তানভীর আলিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
প্রতিযোগিতা শেষে ফয়েজ আহমদ তৈয়্যব বিজয়ীদের মেডেল, ক্রেস্ট ও অর্থমূল্য পুরস্কার প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি দল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টিম অরুণাভ। প্রথম ও দ্বিতীয় রানার আপ হয় যথাক্রমে টিম ক্যাপিটাল মিত্র ও টিম সুনাগরিক।