২৪ আগস্ট ২০২৫, ২:৪০ অপরাহ্ণ
মাহফুজ কাউসার ছাদি : গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একটি বিশেষ টহলদল গতকাল রোববার (২৪ আগস্ট) রাত আনুমানিক ১টায় সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী জাফলং চা বাগান সংলগ্ন কাটারী নামক স্থানে কৌশলগত অবস্থান নেয়।
চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে দলটি দীর্ঘক্ষণ অবস্থান করে। চোরাকারবারীরা আর ফিরে না এলে সকাল আনুমানিক ৬টায় তল্লাশি অভিযান চালানো হয়। এ সময় উক্ত স্থান থেকে ভারতীয় অবৈধ ০৪ (চার) টি এয়ার গান উদ্ধার করে বিজিবি।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় অবৈধ এয়ার গান উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রসমূহের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”