৫ আগস্ট ২০২৫, ১০:২৯ অপরাহ্ণ
সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, “আওয়ামীলীগ রাষ্ট্রের সব সেক্টরে একদল ক্রীতদাস গোষ্ঠী তৈরী করেছিল”। তিনি জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে সিলেট জেলা প্রশাসন আয়োজিত এক সম্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে মঙ্গলবার (৫ আগস্ট) আয়োজিত এই জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ সম্মিলন অনুষ্ঠানে তিনি আরও বলেন, ছাত্র-জনতার ঐ আন্দোলনের মাধ্যমেই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে এবং একটি নতুন স্বাধীন দেশ পাওয়া গেছে। তিনি এই স্বাধীন দেশে যেন পুনরায় কোন ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিতে না পারে, সে জন্য সকলকে সতর্ক থাকার এবং একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান। খান মো. রেজা-উন-নবী জুলাই গণঅভ্যুত্থানে শহিদ কিংবা আহতদের পাশাপাশি তাদের পরিবারের সাথেও প্রশাসনের পাশে থাকার আশ্বাস দেন এবং আহতদের কর্মসংস্থান ও জুলাই সনদ প্রদানের ব্যবস্থা করারও প্রতিশ্রুতি দেন।
জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মিলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, সিলেট বিভাগের পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, পিপিএম-সেবা, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান এবং সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মিলনে আগত জুলাই শহিদদের পরিবারবর্গ ও আহত যোদ্ধারা তাদের জীবনে ঘটে যাওয়া কষ্টকর অভিজ্ঞতার কথা ব্যক্ত করেন এবং তাদের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। তাঁরা জুলাই যোদ্ধাদের সঠিকভাবে পুনর্বাসন, আহত যোদ্ধাদের জন্য পর্যাপ্ত চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের জোর দাবি জানান। অনুষ্ঠানের সমাপনীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদ পরিবারগুলোর মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।