শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ জুলাই ২০২৫, ৩:১৪ অপরাহ্ণ

সীমান্তে অভিযান: ৩ কোটি টাকার চোরাচালান দ্রব্য জব্দ

আপডেট টাইম : জুলাই ২৬, ২০২৫ ৩:১৪ অপরাহ্ণ



শেয়ার করুন

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ২৫ ও ২৬ জুলাই ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে প্রায় ০৩ কোটি ২৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে। ব্যাটালিয়নের অধীনে বাংলাবাজার, সোনালীচেলা, কালাইরাগ, উৎমা, প্রতাপপুর, শ্রীপুর এবং দমদমিয়া বিওপি কর্তৃক পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় স্মার্ট ফোন ডিসপ্লে, চকলেট, গরু, বাংলাদেশ থেকে পাচার হওয়ার সময় বাংলাদেশী শিং মাছ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করা হয়। এছাড়াও, শ্রীপুর বিওপির একটি বিশেষ টহলদল জৈন্তাপুর উপজেলার আলুটিলা নামক স্থানে একটি পরিত্যাক্ত গোডাউনে অভিযান চালিয়ে সেনাবাহিনীর সহায়তায় বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবী লোশন, শাড়ী এবং থ্রী পিস আটক করে। আটককৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৩,২৬,৪২,২০০.০০ (তিন কোটি ছাব্বিশ লক্ষ বিয়াল্লিশ হাজার দুইশত) টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। তিনি উল্লেখ করেন যে এই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। আটককৃত চোরাচালানী মালামাল সম্পর্কে তিনি বলেন, এগুলোর বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন