বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ মার্চ ২০২৬, ৮:০০ অপরাহ্ণ

সিলেটে শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার-২০২৫ প্রদান

আপডেট টাইম : মার্চ ৪, ২০২৬ ৮:০০ অপরাহ্ণ



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং মহিলা বিষয়ক অধিদপ্তর ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে সিলেট বিভাগীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা-২০২৫’ প্রদান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফাল্গুন, ০৪ মার্চ) সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী। তিনি বলেন, তৃণমূল পর্যায়ের নারীদের সমাজ উন্নয়নের মূল স্রোতে সম্পৃক্ত করার একটি কার্যকর উদ্যোগ হলো অদম্য নারী পুরস্কার কার্যক্রম। সরকার নারীদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নে নিরলসভাবে কাজ করছে। সমাজে সমমর্যাদা প্রতিষ্ঠায় অদম্য নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

প্রধান অতিথি আরও বলেন, তৃণমূল পর্যায়ে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। নারীকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ নামে একটি পাইলট কার্যক্রম চালু করার কাজ চলছে, যা পরিবারের নারী প্রধানদের প্রদান করা হবে। নারীকে অবহেলা করে কোনো সমাজ, দেশ বা রাষ্ট্র কখনো এগিয়ে যেতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। শিক্ষা বিস্তার, অধিকার প্রতিষ্ঠা এবং নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কর্তৃত্বপরায়ণ মানসিকতা দূর করে নারীদের নির্ভয়ে তাদের লক্ষ্যে এগিয়ে যাওয়ার পরিবেশ নিশ্চিত করতে হবে।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হক, জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম এবং পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আশিক উদ্দিন। স্বাগত বক্তব্য প্রদান করেন মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপপরিচালক শাহিনা আক্তার।

সিলেট বিভাগে ‘অদম্য নারী পুরস্কার-২০২৫’-এ পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারী শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী কলসুমা বেগম, শিক্ষা ও চাকরিক্ষেত্রে মোছাম্মৎ আমিনা বেগম, সফল জননী মোছাঃ রহিমা বেগম, নির্যাতনের বিভীষিকা কাটিয়ে সফল নারী কাঞ্চন বেগম এবং সমাজ উন্নয়নে অবদানের জন্য রিফাত আরা রিফা।

শেয়ার করুন