শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ জুলাই ২০২৫, ৯:১৪ অপরাহ্ণ

লিডিং ইউনিভার্সিটি ইইই গ্র্যাজুয়েটের জাপানে এমইএক্সটি স্কলারশিপ সাফল্য

আপডেট টাইম : জুলাই ১২, ২০২৫ ৯:১৪ অপরাহ্ণ



শেয়ার করুন

মাহফুজ কাউসার ছাদি : সিলেটের লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২৬তম ব্যাচের কৃতী স্নাতক আব্দুল্লাহ নাসির চৌধুরী জাপান সরকারের মন্ত্রণালয়, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি (এমইএক্সটি) বৃত্তি লাভের গৌরব অর্জন করেছেন।

তিনি ২০২৩ সালে লিডিং ইউনিভার্সিটি থেকে ইইই বিভাগে স্নাতক ডিগ্রি সম্পন্ন করে বর্তমানে জাপানের সুনামধন্য সুকুবা বিশ্ববিদ্যালয়ে ( University of Tsukuba) এমইএক্সটি স্কলারশিপের অধীনে গবেষণাভিত্তিক স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত রয়েছেন। একাডেমিক ব্যস্ততার মধ্যেও তিনি তার অ্যালমা ম্যাটারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আব্দুল্লাহ নাসির চৌধুরী উল্লেখ করেন যে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও কর্তৃপক্ষের অবিরাম সহযোগিতা ও উৎসাহই তার এই সাফল্যের মূল ভিত্তি। তিনি তার জুনিয়র ও উচ্চশিক্ষাক্ষেত্রে আগ্রহী শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শ দিয়ে বলেন, “জাপানে পড়াশোনা বা এমইএক্সটির মতো বৃত্তির স্বপ্ন দেখলে প্রস্তুতি আগেই শুরু করুন। শক্তিশালী গবেষণা প্রোফাইল গড়ে তুলুন, অর্থবহ একাডেমিক কাজে নিজেকে নিয়োজিত রাখুন এবং শিক্ষক ও সিনিয়রদের পরামর্শ নিন। আন্তরিক প্রচেষ্টা, দোয়া ও আল্লাহর ভরসায় কোনও লক্ষ্যই অসম্ভব নয়।”

লিডিং ইউনিভার্সিটির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন এবং ইইই বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মো. নিয়াজ মোরশেদুল হক আব্দুল্লাহ নাসির চৌধুরীর এই অসামান্য একাডেমিক অর্জনে তাকে উষ্ণ অভিনন্দন জানান। তারা এই সাফল্যকে প্রতিষ্ঠানের জন্য গর্বের বিষয় হিসেবে আখ্যায়িত করে আশাবাদ ব্যক্ত করেন যে, এটি বর্তমান ও ভবিষ্যত শিক্ষার্থীদের আন্তর্জাতিক সুযোগ ও একাডেমিক উৎকর্ষ সাধনে অনুপ্রাণিত করবে। লিডিং ইউনিভার্সিটি আব্দুল্লাহ নাসির চৌধুরীর গবেষণা ও একাডেমিক যাত্রায় অব্যাহত সাফল্য কামনা করে এবং বিজ্ঞান ও প্রযুক্তির বৈশ্বিক অঙ্গনে তার ভবিষ্যৎ অবদানের প্রত্যাশা প্রকাশ করে।

শেয়ার করুন