বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ জুন ২০২৫, ১০:১০ অপরাহ্ণ

সিলেটের ইট প্রস্তুতকারক মালিক গ্রুপের জামায়াত আমীরের সাথে সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান

আপডেট টাইম : জুন ২৭, ২০২৫ ১০:১০ অপরাহ্ণ



শেয়ার করুন

সিলেট বিভাগ ইট প্রস্তুতকারক মালিক গ্রুপের নেতৃবৃন্দ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ডা. শফিকুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে পরিবেশ রক্ষার নামে বিগত স্বৈরাচারী সরকার কর্তৃক প্রণীত কালো আইনের প্রয়োগ বন্ধের দাবি জানিয়েছেন। শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় নগরীর বন্দরবাজারস্থ জামায়াতে ইসলামীর অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

স্মারকলিপিতে ইটভাটা মালিকরা বলেন, বিগত সরকার ইটভাটাকে বায়ু দূষণের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করে কঠোর আইন প্রণয়ন করেছিল, যা এখনও প্রয়োগ করা হচ্ছে। তারা উল্লেখ করেন, বর্তমানে ইটভাটার কারণে বায়ু দূষণের মাত্রা মাত্র ১০% যা সহনীয় পর্যায়ে রয়েছে। অথচ পরিবহন খাত প্রায় ৫০% দূষণের জন্য দায়ী হলেও এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা অভিযোগ করেন, বর্তমান উপদেষ্টা পরিষদের পরিবেশবিষয়ক উপদেষ্টা স্বৈরাচারী আমলের আইন প্রয়োগ করে ইটভাটা ধ্বংস করছেন, যা দেশের অবকাঠামো উন্নয়ন ও লক্ষাধিক মানুষের জীবিকাকে হুমকির মুখে ফেলেছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, ইট শিল্পের সাথে দেশের প্রায় দেড় কোটি মানুষের কর্মসংস্থান জড়িত। অনেক ইটভাটা মালিক ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা করছেন, যা বন্ধ হলে তারা চরম আর্থিক সংকটে পড়বেন। এছাড়া, ইট উৎপাদন বন্ধ হলে দেশের অবকাঠামো উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তারা আগামী নির্বাচন পর্যন্ত ইটভাটা বন্ধের কার্যক্রম স্থগিতের জন্য জামায়াত আমীরের হস্তক্ষেপ কামনা করেন।

সাক্ষাতে সিলেট বিভাগ ইট প্রস্তুতকারক মালিক গ্রুপের আহ্বায়ক হাজী দিলওয়ার হোসেন, সদস্য সচিব হাজী আব্দুল আহাদ, যুগ্ম আহ্বায়ক ফয়েজ উদ্দিন আহমদ, হাজী মকবুল হোসেন, আব্দুল মুক্তাদির, সিরাজুল হক, মো. কয়েছ আহমদ ও আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন