26 May 2025, 12:18 AM
এমরান আহমদ: সিলেটের বিয়ানীবাজার ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন সীমান্তপথ ব্যবহার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৫৩ জন বাংলাদেশি নাগরিককে পুশ-ইন করেছে। রোববার (২৫ মে) রাত ২টা থেকে সকাল ৮টার মধ্যে বড়লেখার লাতু ও পাল্লাথল এবং বিয়ানীবাজারের নয়াগ্রাম সীমান্ত দিয়ে এসব বাংলাদেশিকে জোরপূর্বক দেশে পাঠানো হয়।
এ সময় ৫২ বিজিবি ব্যাটালিয়নের টহল দল ৪২ নারী, ৪০ পুরুষ ও ৩৮ শিশুসহ মোট ১২১ জনকে আটক করে বড়লেখা থানায় হস্তান্তর করে। পাশাপাশি বিয়ানীবাজার সীমান্ত দিয়ে আটক আরও ৩২ জনকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়।
৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান পিপিএম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে। সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ৫২ ব্যাটালিয়নের আওতাধীন ১১৪ কিলোমিটার সীমান্তজুড়ে বিজিবি, আনসার ও স্থানীয় জনগণের সহায়তায় কড়া নজরদারি চলছে।