14 March 2026, 10:23 PM
স্টাফ রিপোর্টার : সিলেট জেলায় বাস্তবায়নাধীন চারটি উন্নয়ন প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থদের মধ্যে প্রায় সাড়ে এগারো কোটি টাকার ২১টি চেক বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ মার্চ ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চেক বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সারওয়ার আলম।
চেক বিতরণ কার্যক্রমের আওতায় ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর প্রকল্প; সিলেট-ঢাকা মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং উভয় পাশে পৃথক সার্ভিস লেন নির্মাণ, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন, আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত ভূমির মালিকদের মধ্যে ক্ষতিপূরণের এই অর্থ প্রদান করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুরের জামান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অধিগ্রহণকৃত ভূমি মালিকদের ন্যায্য ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ভূমি অধিগ্রহণের সার্বিক বিষয়টি জেলা প্রশাসন স্বচ্ছতার সাথে তদারকি করছে উল্লেখ করে তিনি দালাল বা প্রতারক চক্রের প্রলোভন থেকে সতর্ক থাকার জন্য সবাইকে আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ শাখা) শিল্পী রাণী মোদক, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজিব, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিরুল ইসলাম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, বাসসের সিলেট ব্যুরো প্রধান সেলিম আউয়াল, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যবৃন্দ।