21 April 2025, 1:59 PM
স্টাফ রিপোর্টার: খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো: আবুল হাছানাত হুমায়ুন কবির বলেছেন, নির্ভয়ে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করতে হবে। তৃতীয় কোনো পক্ষ বা মধ্যস্বত্বভোগী যেন এখানে প্রবেশ না করে। তিনি বলেন, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। কেউ যেন হয়রানির শিকার না হয়। কাজ করে দিতে না পারলেও আচরণে কাউকে কষ্ট দেবেন না।
হুমায়ুন কবির শনিবার (১৯ এপ্রিল) আসন্ন বোরো সংগ্রহ কার্যক্রম বিষয়ে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ, সিলেটের উদ্যোগে মিলার, কৃষক ও খাদ্য বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সিলেট বিভাগের জেলা ও উপজেলার খাদ্য কর্মকর্তা, ব্যবসায়ীবৃন্দ, মিলার ও কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল প্রমুখ।