11 April 2025, 9:27 PM
ছাতক প্রতিনিধি: ছাতকে ভারতীয় “এসি ব্ল্যাক” ব্র্যান্ডের ৩৪ বোতল মদসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে ছাতক-দোয়ারাবাজার সড়কের বারকাহন এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার ও একটি নম্বরবিহীন (টিভিএস মেট্রোপ্লাস) মোটরসাইকেল জব্দ করা হয়।
ছাতক থানার এসআই মোঃ সিকান্দর আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—মোহাম্মদ আলী (২৫) ও রহমত আলী (২৪)। মোহাম্মদ আলী দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের কালাপশি গ্রামের আব্দুল করিমের পুত্র এবং রহমত আলী ছাতকের নোয়ারাই ইউনিয়নের দক্ষিণ কুপিয়া গ্রামের মঙ্গল মিয়ার পুত্র।
পুলিশ জানায়, জব্দকৃত ৩৪ বোতল ভারতীয় “এসি ব্ল্যাক” মদের আনুমানিক মূল্য ৩৪ হাজার টাকা এবং মোটরসাইকেলটির মূল্য প্রায় ১ লক্ষ ২৫ হাজার টাকা। গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন এসআই মোঃ সিকান্দর আলী।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।”