শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ এপ্রিল ২০২৫, ৯:৫৩ পূর্বাহ্ণ

আইন নিজের হাতে তুলে নিলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট টাইম : এপ্রিল ১১, ২০২৫ ৯:৫৩ পূর্বাহ্ণ



শেয়ার করুন

আলোকিত সিলেট ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। তবে কেউ যদি আইন নিজের হাতে তুলে নেয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও সতর্ক করে দিয়ে বলেন, ভবিষ্যতে কোনো মব লিনচিং সহ্য করা হবে না।

বৃহস্পতিবার সিলেট বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা মব লিনচিংয়ের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “থানা থেকে লুট হওয়া অস্ত্র এখনো পুরোপুরি উদ্ধার করা সম্ভব হয়নি। এসব অস্ত্র বাইরে থাকায় নিরাপত্তা ঝুঁকি কিছুটা রয়ে গেছে। তবে ৫ আগস্টের পর থেকে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।”

পুলিশের সক্ষমতা নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, “কখনো কখনো পুলিশের দ্রুত ব্যবস্থা নিতে বিলম্ব হয়। এর একটি কারণ হলো, অনেক পুলিশ গাড়ি ভাংচুর বা অগ্নিসংযোগের শিকার হয়েছে। আমরা এখনো তাদের নতুন গাড়ি সরবরাহ করতে পারিনি। ফলে পুলিশের পুরো সক্ষমতা ফিরিয়ে আনা সম্ভব হয়নি। তবে ধীরে ধীরে পুলিশ বাহিনীকে পুনর্গঠন করা হচ্ছে। আশা করছি, আগামী দিনগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।”

পুলিশের সেবার মান উন্নয়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, “পুলিশের কাছ থেকে শুধু চাওয়া যথেষ্ট নয়, তাদের জন্য সুযোগ-সুবিধা বাড়াতে হবে। বর্তমানে থাকা-খাওয়া ও জীবনযাত্রার মানের ক্ষেত্রে পুলিশের অনেক ঘাটতি রয়েছে। তা সত্ত্বেও তারা যথাসাধ্য দায়িত্ব পালন করছে। পুলিশের সেবার মান বাড়াতে তাদের জীবনযাত্রার উন্নয়ন জরুরি।”

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের জন্য ইন্টারপোলে পাঠানো চিঠির বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ইন্টারপোলে চিঠি পাঠানো হয়েছে, তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো নতুন তথ্য নেই।”

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. শাহরিয়ার আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন