29 March 2025, 8:22 PM
মোঃ সাজ উদ্দিন (সাজু), স্টাফ রিপোর্টার
সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে সেনাবাহিনীর অভিযানকে কেন্দ্র করে সেনাবাহিনীর টহল গাড়িতে চোরাকারবারিরা ইট-পাথর নিক্ষেপ করে গাড়ি ভাংচুরের ঘটনায় মামলা দায়ের করে ৫ জন আসামীকে আটক করা হয়েছে। আটককৃত আসামীরা হলেন- হরিপুর শিকারখাঁ গ্রামের মৃত আবুল হাসনাতের ছেলে মোঃ হাবিবুর রহমান (৫৩), চাঁনঘাট এলাকার জমির উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (১৮), হেমু হাউদপাড়া গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে মোঃ কুতুব উদ্দিন (৫০), হরিপুর এলাকার হাজী ইব্রাহিম আলীর ছেলে মোঃ ইলিয়াস আলী (৫৩), লামা শ্যামপুর গ্রামের মৃত আব্দুস সোবানের ছেলে সোয়েল আহমদ (২৬)।
সেনা সূত্রে জানা যায়, বিগত ২৭ মার্চ রাত সাড়ে ১২ টায় হরিপুর বাজার এলাকায় সেনাবাহিনীর সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে, সেনাবাহিনী কর্তৃক ঘটনাস্থল থেকে সন্দেহভাজন মোট ২৮ জন লোককে আটক করা হয়। পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য হরিপুর গ্যাস ফিল্ড সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। উক্ত ২৮ জন লোকের ভাষ্য এবং এছাড়াও অন্যান্য সোর্সের মাধ্যমে প্রকৃত আসামিদেরকে সনাক্ত করে অদ্য ২৯ মার্চ জৈন্তাপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য যে, ক্যাম্পে আটককৃত ২৮ জনের মধ্যে শুধুমাত্র ৫ জন ব্যক্তির সংশ্লিষ্টতা উক্ত ঘটনার সাথে পাওয়া যাওয়ার কারণে তাদেরকে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া বাকি ২৩ জনকে মুচলেকা গ্রহণের মাধ্যমে সম্পূর্ণ সুস্থভাবে, তাদের নিজ নিজ পরিবার এর কাছে হস্তান্তর করা হয়েছে।
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, হরিপুর বাজারে সেনাবাহিনীর সাথে সৃষ্ট ঘটনায় স্থানীয় একজন লোক বাদী হয়ে ৭০ জন আসামীর নাম উল্লেখপূর্বক এবং ১০০/১৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেছেন। জৈন্তাপুর মডেল থানায় মামলা নং- ২১। উক্ত মামলার সাথে সংশ্লিষ্ট ৫ জন আসামীকে সেনাবাহিনী আটক করে থানায় হস্তান্তর করেছেন। আটককৃত ৫ জন আসামীকে শনিবার (২৯ মার্চ) দুপুরে সেনাবাহিনী টহল দল ও পুলিশের পাহারায় আদালতে প্রেরণ করা হয়েছে।