২১ মার্চ ২০২২, ৭:০৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক :সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৮ নং তোয়াকুল ইউনিয়নের ঘোড়ামারা(তুড়গবাগ) হাওর গ্রামে গত শুক্রবার (১৮ মার্চ )বিকাল ৫ ঘটিকার সময় একই গ্রামের প্রভাবশালী তাজুল ইসলাম গংদের অতর্কিত হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন ইব্রাহিম আলী (৩৬),ইয়াকুব আলী(৪০),রাহান মিয়া (২০),মনফর আলী (৪৫)সর্ব সাং পিতা ইউনুস আলী, শিল্পই বেগম (১৪)পিতা মনফর আলী, ফরিদা বেগম(৪০)পিতা মনফর আলী, সহ অন্তত ১০ জন। দেশীয় অস্ত্র দিয়ে প্রভাবশালী সন্ত্রাসীদের দফায় দফায় হামলায় গুরুতর আহত হয়ে তারা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আহত ইব্রাহিম আলীর অবস্থা আশঙ্কাজনক,তার এখনও জ্ঞান ফেরেনি। তাকে সিলেট ওসমানী মেডিকেলের আইসিইউতে রাখা হয়েছে। এবং অপরাপর জখমীরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় ৮ জন ও অজ্ঞাত ৪/৫ জনকে উল্লেখ করে একটি মামলা রেকর্ড করা হয়েছে। মামলা নং ২৫ তাং ১৯-০৩-২০২২। এজাহার নামীয় আসামীরা হলেন, তাজুল ইসলাম ওরফে তাজ উদ্দিন (৩২),ছয়ফুল ইসলাম(৪০),আতাবুর রহমান(৩০),আব্দুল হান্নান। এছাড়া অন্যান্য আসামীরা হলেন নেইমার(২৫),আব্দুল খালিক, তৈয়ব আলী, মাখন সহ অজ্ঞাত চার পাঁচ জন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে ।এলাকার শালিস ব্যক্তিত্ব সহ জনপ্রতিনিধিরা প্রকৃত বিচার দাবি করেছেন। জানতে চাইলে মামলার বাদী আমজদ আলী জানান আমরা নিরীহ দিনমজুর, সাধারন খেটে খাওয়া মানুষ। কোন কারন ছাড়াই এরকম আতর্কিত হামলায় আমার ভাইয়েরা আজ মৃতপ্ৰায়। এমতাবস্থায় আমি এর উপযুক্ত বিচার দাবি করছি ও প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি । একাধিকবার যোগাযোগ করা হলে অভিযুক্ত তাজুল ইসলাম এর ফোন বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে মামলার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও সালুটিকর পুলিশ ফাঁড়ির টু আইসি শফিকুল ইসলাম খান জানান ঘটনার খবর পেয়ে আমরা সরেজমিন পরিদর্শনে গিয়েছি। আহতদের চিকিৎসার খোঁজ খবর নিচ্ছি।মামলা ইতোমধ্যেই রেকর্ড করা হয়েছে এবং আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।