6 January 2026, 11:55 AM
সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রতি (২৭ ডিসেম্বর) সিলেট সার্কিট হাউজে প্রবাসীদের সম্মানে স্থানীয় উন্নয়নে প্রবাসীদের ভূমিকা শীর্ষক সেমিনার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুন নাসের খান। সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী সহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।সেমিনারে যুক্তরাষ্ট প্রবাসীদের পক্ষে বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলার কৃতি সন্তান মাওঃ আতিকুর রহমান(মিশিগান)।
সভায় প্রবাসীবৃন্দ স্থানীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। প্রিন্সিপাল আতিকুর রহমান তাঁর বক্তব্যে প্রবাসীদের জন্য আধুনিক সুযোগ সুবিধা ও নিরাপত্তা সম্বলিত একটি নগরি গড়ার সুপারিশ করেন এবং মিশিগানের প্রবাসীদের প্রত্যাশিত কন্সলেট সার্ভিসের অনুমোদন করায় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও তার কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে চালু করার জন্য সচিব মহোদয়কে মিশিগান প্রবাসীদের পক্ষ হতে অনুরোধ জানান।তিনি এত সুন্দর আয়োজনের জন্য সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে ধন্যবাদ জানান।জেলা প্রশাসক সিলেটে প্রবাসী পল্লী গড়ার কার্যক্রমের কথা তুলে ধরেন।তিনি আধুনিক নগরী, সুন্দর ও পরিচ্ছন্নরুপে সিলেট শহর ও জেলাকে পরিণত করতে তাঁর পরিকল্পনা ও কাজের কথা সকলকে অবহিত করেন।জেলা প্রশাসক পর্যটন,কৃষি ও ব্যবসাকে টেকসই করতে বিনিয়োগের জন্য প্রবাসীদের আহবান জানান। পরবর্তী নতুন প্রজন্মকে বাংলাদেশের সাথে সেতুবন্ধন তৈরিতে কার্যকর উদ্যোগ নেয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।