শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ নভেম্বর ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ণ

ডেংগু প্রতিরোধে একসাথে সিলেট সিটি কর্পোরেশন ও সিভিল সার্জন কার্যালয়

আপডেট টাইম : নভেম্বর ৬, ২০২৫ ১১:৪৯ পূর্বাহ্ণ



শেয়ার করুন

বৃহস্পতিবার  (০৬ নভেম্বর) সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে ডেংগু প্রতিরোধে এডিস মশা নিধন ও সচেতনতা কার্যক্রম পালিত হয়। এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয় সিলেট সিভিল সার্জন কার্যালয়ে, যা সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড এলাকায় অবস্থিত।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. আনিসুর রহমান, সহকারী পরিচালক ডা. মো. নূরে আলম শামীম এবং সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিনসহ সিভিল সার্জন কার্যালয় ও বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য )-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অভিযান চলাকালীন সিটি কর্পোরেশনের কর্মীরা কার্যালয় প্রাঙ্গণ ও পার্শ্ববর্তী এলাকায় জমে থাকা পানি, আবর্জনা এবং সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল ধ্বংসে মশক নিধন ঔষধ প্রয়োগ করেন। পাশাপাশি ডেংগু বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ কার্যক্রমও পরিচালনা করা হয় সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে।

অনুষ্ঠানের শেষ পর্বে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. আনিসুর রহমান এবং সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিনের নেতৃত্বে সিভিল সার্জন কার্যালয়ের প্রাঙ্গণে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এতে উপস্থিত কর্মকর্তারা পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি ও জনস্বাস্থ্য রক্ষায় সম্মিলিতভাবে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলেন, “ডেংগু প্রতিরোধে মশা নিধনের পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা, সপ্তাহে অন্তত একবার জমে থাকা পানি ফেলে দেওয়া ও পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তোলা জরুরি। সচেতনতা ও নাগরিক অংশগ্রহণই ডেংগু নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি।”

শেয়ার করুন