২ আগস্ট ২০২৫, ৮:০৭ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার: ওয়ারিয়র্স অফ জুলাই সিলেট জেলার আয়োজনে গতকাল( ১লা আগস্ট ২০২৫) শুক্রবার বাদ আসর সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স (জিমনেসিয়াম) প্রাঙ্গণে জুলাই গণঅভ্যুত্থানের শহীদগণের আত্মার মাগফেরাত ও আহত জুলাই যোদ্ধাদের সুস্থতা কামনায় কোরআন খতম,আলোচনা সভা ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সদস্য সচিব ওয়াহিদ উমায়েরের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সদস্য ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ। এসময় ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ জোর দাবি জানান অবিলম্বে জুলাই সনদ ঘোষণা ও তা বাস্তবায়নের। তিনি সতর্ক করে বলেন, জুলাই সনদ যদি ঘোষণা না করা হয়, তাহলে জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত সকলকে আগামী দিনে ব্যাপক সংকটে পড়তে হবে। তিনি উল্লেখ করেন, জুলাই সনদ ঘোষিত না হলে ২৪ এর গণঅভ্যুত্থানের যোদ্ধাদের ভবিষ্যতে সন্ত্রাসী বানানোর চেষ্টা করা হবে। এজন্য তিনি সরকারের কাছে দেশের ছাত্র-জনতার দাবি উল্লেখ করে বলেন অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে, তা না হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
তিনি আহত যোদ্ধাদের সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, তাদের পুনর্বাসন ও জীবনমান রক্ষায় পদক্ষেপ এবং শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোরও আহ্বান জানান। নতুন বাংলাদেশ গঠনে সকলকে যার যার অবস্থান থেকে কাজ করার পাশাপাশি তিনি সতর্ক করেন, বাংলাদেশে যাতে কোন ফ্যাসিবাদ ফিরে না আসে সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
এ সময় আরো বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন শাহান, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মাহবুবুর রহমান তাসলিম, শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং আহত যোদ্ধারা। আলোচনা সভা শেষে শহীদদের রুহের মাগফেরাত ও আহত যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।