22 July 2025, 5:32 PM
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করেছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি ২৪ লক্ষ টাকা। গত ২২ জুলাই গোপন তথ্যের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার প্রতাপপুর, সংগ্রাম, পান্থুমাই, তামাবিল, সোনারহাট, কালাইরাগ এবং বাংলাবাজার বিওপি এলাকায় একযোগে অভিযান চালায় বিজিবি।
অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ সানগ্লাস, স্কিন ব্রাইট ক্রিম, শাড়ী, মাল্টা ফল, চিনি, সুপারি এবং চোরাচালানী মালামাদ পরিবহনে ব্যবহৃত ইজি বাইক অন্তর্ভুক্ত। এছাড়াও অবৈধ পাথর উত্তোলনে ব্যবহৃত একটি বাংলাদেশী বারকী নৌকাও আটক করা হয়। আটককৃত মালামাদগুলোর আনুমানিক মূল্য ধরা হয়েছে ২,২৪,৩৯,৩০০ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান রোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। এই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানী দ্রব্যাদি আটক করা সম্ভব হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, আটককৃত মালামাদ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।