27 June 2025, 8:59 PM
অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) ফান্ডের একটি নির্দিষ্ট অংশ ক্রীড়া পৃষ্ঠপোষকতায় ব্যয় করার প্রক্রিয়া নিয়ে সরকার কাজ করছে। তিনি উল্লেখ করেন, শুধু ব্যাংক নয়, অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকেও সিএসআর ফান্ডের একটি বাধ্যতামূলক অংশ ক্রীড়ায় বিনিয়োগের নির্দেশনা দেওয়ার বিষয়ে উচ্চপর্যায়ে আলোচনা চলছে।
আজ শুক্রবার জাতীয় টেনিস কমপ্লেক্সে ময়মনসিংহ বিভাগীয় টেনিস প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, তৃতীয় বিশ্বের দেশ হিসেবে ক্রীড়াখাতে সরকারি বাজেট সীমিত হওয়ায় বেশিরভাগ ক্ষেত্রে স্পনসরদের উপর নির্ভর করতে হয়। এ ক্ষেত্রে সিএসআর ফান্ড ক্রীড়া উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই খেলাধুলার বিকেন্দ্রীকরণের ওপর জোর দিয়েছে। বিভিন্ন স্তরে প্রতিযোগিতামূলক খেলা আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে নিয়ে আসার সুযোগ তৈরি হয়। এ লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ন্যাশনাল স্পোর্টস ইনস্টিটিউট প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বর্তমানে বাস্তবায়নের পথে রয়েছে। এই ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হলে সম্ভাবনাময় খেলোয়াড়দের উচ্চতর প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে।
উপদেষ্টা আরও যোগ করেন, ক্রীড়ার উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয় অপরিহার্য। সরকার এ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে অবকাঠামো ও নীতি নির্ধারণ করছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই প্রচেষ্টা অব্যাহত থাকলে ভবিষ্যতে বাংলাদেশের ক্রীড়াখাত কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।