,

13 April 2025, 1:07 AM

ছাত্র-জনতার অভ্যুত্থানে অনলাইন মিডিয়ার ভূমিকা ছিল সবচেয়ে বেশি: উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন

আপডেট টাইম : April 13, 2025 1:07 AM



শেয়ার করুন

মাহফুজ কাউসার ছাদি: লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেছেন, বর্তমান বিশ্বে তথ্য প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে অনলাইন গণমাধ্যমের প্রভাব অপরিসীম। তিনি বলেন, “বর্তমানে সমগ্র বিশ্ব অনলাইন গণমাধ্যমের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে। এখন মানুষ সংবাদের জন্য অপেক্ষা করে না; অনলাইন মিডিয়া দ্রুততার সঙ্গে জনগণের কাছে খবর পৌঁছে দিচ্ছে।”

শনিবার বিকেলে সিলেট অনলাইন প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. তাজ উদ্দিন আরও বলেন, “বাংলাদেশে অনলাইন গণমাধ্যম শীর্ষস্থানীয় মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অনলাইন সংবাদ মাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই প্ল্যাটফর্মের সাংবাদিকদের সাহসী ভূমিকার কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সফলতা পেয়েছে।”

তিনি সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “গত ১৫ বছর সাংবাদিকদের মুখ বন্ধ ছিল, কিন্তু এখন সময় এসেছে সকল প্রতিবন্ধকতা দূর করে সত্য প্রকাশ করার।” জুলাই-আগস্ট মাসে যেসব মাধ্যমের ভূমিকা অনন্য ছিল, তার মধ্যে অনলাইন গণমাধ্যমের অবদান সর্বাধিক বলে উল্লেখ করেন তিনি।

ড. তাজ উদ্দিন বলেন, “অতীত থেকে শিক্ষা নিয়ে সত্য প্রকাশ করতে হবে। দুনিয়াতে পুরস্কার না মিললেও আখেরাতে শান্তি পাওয়া যাবে। নতুন বাংলাদেশ গড়ার সময় এসেছে, আর সুন্দর বাংলাদেশ নির্মাণে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশ এখন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে, এ ক্ষেত্রে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে।”

সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার।

সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ বলেন, “ঈদ মুসলমানদের সবচেয়ে বড় উৎসব। যুদ্ধের ময়দানেও মুসলমানরা ঈদ উদযাপন করে। গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে বিভেদ ও বৈষম্যের অবসান ঘটাতে হবে এবং ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে।” তিনি ফিলিস্তিনিদের উপর ইসরাইলি বাহিনীর নৃশংস গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক আফরোজ খান, দপ্তর ও পাঠাগার সম্পাদক মবরুর আহমদ সাজু, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. কামাল আহমদ, কার্যকরী পরিষদ সদস্য মো. আব্দুল হাছিব, সাধারণ সদস্য সাদিকুর রহমান চৌধুরী, এম.এ ওয়াহিদ চৌধুরী, তারেক আহমদ খান, দেলোয়ার হোসেন মান্না, সৈয়দ রাসেল আহমদ, মোহাম্মদ নুরুল ইসলাম, শিপন চন্দ জয়, আহমেদ পাবেল, মো. জাকির আহমদ, মো. সুহেল মিয়া, সহযোগী সদস্য নাহিদ আহমদ এবং সাংবাদিক মাহফুজ কাউসার ছাদি প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন আবদুল কাদির জীবন।

শেয়ার করুন