14 March 2025, 5:03 AM
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জ উপজেলার ফুলতলী ছাহেব বাড়িতে দারুল কিরাতের এক ছাত্র পানিতে ডুবে মারা গেছেন। নিহত ছাত্রের নাম রিয়াজ উদ্দিন (১৮)। তিনি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ইলাশপুর গ্রামের তাজ উদ্দিনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন।
বৃহস্পতিবার (১২ রমজান) বিকেলে ফুলতলী মাদ্রাসার ছাত্রাবাস সংলগ্ন পুকুরে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। বিকেলের পর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সহপাঠীরা খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরঘাটে তার কাপড় ও সাবানদানি দেখতে পান। ইফতারের পর শিক্ষকদের বিষয়টি জানানো হলে সিসিটিভি ফুটেজে দেখা যায়, রিয়াজ উদ্দিন অন্য শিক্ষার্থীদের সঙ্গে পুকুরে গোসল করছিলেন।
এতে সন্দেহ হলে রাত ৯টার দিকে পুকুরে তল্লাশি চালিয়ে তার নিথর দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।”