রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৯:৪৭ অপরাহ্ণ

বিশ্ব বেতার দিবসে বাংলাদেশ বেতার সিলেটের বর্ণাঢ্য শোভাযাত্রা

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ৯:৪৭ অপরাহ্ণ



শেয়ার করুন

মাহফুজ কাউসার ছাদি : আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ব বেতার দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার সিলেটের আয়োজনে আজ এক জমকালো শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। “বেতার ও জলবায়ু পরিবর্তন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট নগরীর মিরের ময়দানে অবস্থিত বেতার ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্নাঢ্য র‍্যালি শুরু হয়ে পুনরায় বেতার ভবনে এসে শেষ হয়। । এ সময় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন খান মোঃ রেজা-উন-নবী (বিভাগীয় কমিশনার)। তাছাড়া সিলেট বেতারের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিকের সভাপতিত্বে আলোচনা সভায় সিলেট বেতারের কর্মকর্তা-কর্মচারী, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীসহ অন্যান্যদের অংশগ্রহণে শোভাযাত্রাটি হয়ে ওঠে উৎসবমুখর।

এ সময় প্রধান অতিথি খান মোঃ রেজা-উন-নবী (বিভাগীয় কমিশনার) বলেন,বাংলাদেশ বেতার বাংলাদেশের জন্য, বাংলাদেশিদের জন্য। বিশেষ কোন শ্রেণি, পেশা, ধর্ম বা বিশ্বাসের জন্য নয়। কাজেই রাষ্ট্রীয় এ প্রতিষ্ঠানকে কিছু মানুষের জন্য উন্মুক্ত আর কিছু মানুষের জন্য রুদ্ধ করে দেওয়া সমীচীন হবে না। সকলের অংশগ্রহণ নিশ্চিতের মাধ্যমে বাংলাদেশ বেতার জাতির মুখপাত্র হিসেবে ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, বেতারের অনুষ্ঠানগুলোতে বৈচিত্র নিয়ে আসতে হবে, মানুষ যা জানতে চায়, যা শুনতে চায় তার সবকিছুই থাকতে হবে। প্রয়োজনে জনগণেরর কাছ থেকে প্রতিক্রিয়া নিতে হবে। পারফর্মারকে না দেখে শুধু কণ্ঠ শুনে মুগ্ধ হওয়ার বিষয়টি অসাধারণ উল্লেখ করে তিনি শিল্পী নির্বাচনে গুরুত্বারোপ করেন। তিনি বেতারের মাধ্যমে সরকারের সফলতা তুলে ধরতে এবং অসঙ্গতিগুলোর গঠনমূলক সমালোচনা করার পরামর্শ প্রদান করেন।এছাড়াও বাংলাদেশ বেতার সকল মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক এবং সর্বজনীন বেতারে পরিণত হবে এ আশাবাদ ব্যক্ত করেন। এসময় বক্তারা মুক্তিযুদ্ধে বাংলাদেশ বেতারের ঐতিহাসিক ভূমিকা ও ডিজিটাল যুগে এর গুরুত্ব তুলে ধরেন।

বিশ্ব বেতার দিবসের এবারের আয়োজন সিলেটবাসীর মধ্যে রেডিওপ্রেম আরও গভীর করেছে বলেই প্রতীয়মান হচ্ছে। বাংলাদেশ বেতার সিলেটের এ উদ্যোগ স্থানীয় সংস্কৃতি ও গণমাধ্যমের বিকাশে নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

শেয়ার করুন