১১ মে ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ
ইমাম উদ্দিন:জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি
পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে সিলেটের জৈন্তাপুরে মানববন্ধন করেছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা।
সোমবার সকাল ১১টায় জৈন্তাপুর মডেল ফারিয়া-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দালাল নয় মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ এদেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী এই প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত মানববন্ধনটি উপজেলা পূর্ববাজার গেইট থেকে শুরু হয়ে স্টেশন বাজার ও থানা গেইট প্রদক্ষিণ শেষে স্থানীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বক্তারা বলেন,সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ঘটে যাওয়া একটি ঘটনার জেরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দিয়ে আটক করার প্রতিবাদেই এ কর্মসূচি পালন করা হয়েছে।তাদের দাবি,স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এ পেশাজীবীদের সম্মানহানি করা অনভিপ্রেত ও দুঃখজনক।
সমাবেশে বক্তারা আরও বলেন, ওষুধ কোম্পানির প্রতিনিধিরা চিকিৎসক,হাসপাতাল ও রোগীদের মাঝে তথ্য আদান-প্রদান এবং আধুনিক ওষুধ সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।তাই তাদের পেশাগত নিরাপত্তা,সম্মান ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল ফারিয়ার সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সভাপতি সাবলু, সহ-সভাপতি সুরুজ আলী, সাংগঠনিক সম্পাদক শাহিনসহ উপদেষ্টা মণ্ডলীর সদস্য রায়হান পারভেজ,ফিরোজ আহমেদ ও নিমাই চন্দ।