১৮ মার্চ ২০২৬, ২:২৮ অপরাহ্ণ
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বিএনপি নেতা আব্দুল কালাম। তিনি সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করে পৌরসভাকে একটি আদর্শ মডেলে উন্নীত করার লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশ নিতে চান।
মঙ্গলবার ১৭ মার্চ স্থানীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রবাসে অবস্থান করেও আব্দুল কালাম দীর্ঘদিন ধরে নিজ এলাকায় রাজনৈতিক ও সামাজিক যোগাযোগ বজায় রেখে চলেছেন। পাশাপাশি তিনি মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় জনগণের পাশে থাকার চেষ্টা করে আসছেন।
তিনি গরীব অসহায় কল্যাণ ফান্ডের চেয়ারম্যান হিসেবে ২০১৯ সালে রামধানা এলাকায় একটি কল্যাণ তহবিল প্রতিষ্ঠা করেন। এই তহবিলের মাধ্যমে শতাধিক অসচ্ছল পরিবারকে নিয়মিত আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। প্রতি তিন মাস অন্তর অন্তর এসব পরিবারকে ভাতা প্রদান করা হয়।
এছাড়া অসচ্ছল শিক্ষার্থী ও অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা, বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল স্থাপন এবং গৃহহীনদের জন্য ঘর নির্মাণের মতো বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করেছেন তিনি।
স্থানীয় ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনেও তার সম্পৃক্ততা রয়েছে। বিশ্বকাপখ্যাত ফুটবল টুর্নামেন্টসহ বিভিন্ন আয়োজনে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছেন। প্রাকৃতিক দুর্যোগের সময়ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর নজির রয়েছে তার।
জালালাবাদ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করা আব্দুল কালাম শিক্ষা, কৃষি ও সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন। বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তার উদ্যোগগুলো স্থানীয়ভাবে ইতিবাচকভাবে আলোচিত।
রামধানা গ্রামের বাসিন্দা মরহুম মর্তুজ আলী ও মরহুমা আমিনা বেগমের সন্তান আব্দুল কালাম নিজেকে সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আস্থার জায়গায় প্রতিষ্ঠিত করতে চান বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।