শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ জানুয়ারি ২০২৬, ১২:০৬ অপরাহ্ণ

র‍্যাব-৯ এর গোয়াইনঘাট অভিযানে পাওয়ার জেল ও ডেটোনেটর উদ্ধার

আপডেট টাইম : জানুয়ারি ৩০, ২০২৬ ১২:০৬ অপরাহ্ণ



শেয়ার করুন

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব) এর ৯ নম্বর ব্যাটালিয়ান সিলেটের গোয়াইনঘাট থেকে ৮টি পাওয়ার জেল ও ৮টি নন ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করেছে। র‍্যাব-৯ সিপিএসপি সিলেটের একটি আভিযানিক দল গোয়াইনঘাট থানাধীন লাফনাউট বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যায় পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের সাতাইন এলাকার বনবিভাগের একটি পরিত্যক্ত বিল্ডিং এর কাছে বিস্ফোরক দ্রব্যের উপস্থিতির খবর পায়। দলটি ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি চালিয়ে বিল্ডিং এর নিচে একটি অব্যবহৃত সেফটি ট্যাংকের ভেতর একটি শপিং ব্যাগে রক্ষিত অবস্থায় এসব বিস্ফোরক উদ্ধার করে।

উদ্ধারকৃত পাওয়ার জেল ও নন ইলেকট্রিক ডেটোনেটর উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয় এবং এগুলো নাশকতার কাজে ব্যবহারের জন্য রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই সামগ্রীর সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি এবং র‍্যাব-৯ এ বিষয়ে তদন্ত অব্যাহত রেখেছে। উদ্ধারকৃত জিনিসপত্র পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য গোয়াইনঘাট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ এলিট ফোর্স হিসেবে দায়িত্ব শুরুর পর থেকে বিভিন্ন অপরাধ দমনে কাজ করছে। গত ৫ আগস্ট ২০২৪ থেকে এখন পর্যন্ত র‍্যাব-৯ এর সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বাধীন এলাকা থেকে ৪০টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৫টি ম্যাগাজিন, ১০৭৫০ গ্রাম বিস্ফোরক, ৭০টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা, ১১টি ককটেল এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ৯৯টি এয়ারগান উদ্ধার করেছে, যা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশের আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন